প্রথম সমাচার ডেস্ক:
নওগাঁর পত্নীতলায় ‘সুরমা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি’র মাধ্যমে প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ছবেদুল ইসলাম রনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সোমবার মধ্যরাতে ঢাকার সাভার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ছবেদুল ইসলাম রনি পত্নীতলা উপজেলার অনন্তপুর গ্রামের মো. গয়েস উদ্দিনের ছেলে। তিনি পাটিচড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ‘সুরমা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের’ নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে রনি প্রায় দেড় হাজার গ্রাহকের কাছ থেকে প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাৎ করে আত্মগোপনে চলে যান।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়ামুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল সোমবার দিনভর সাভার থানা এলাকায় অভিযান চালায়। পরে মধ্যরাতে রনিকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, রনির বিরুদ্ধে পত্নীতলা ও নওগাঁ সদর থানায় ১১টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এর মধ্যে তিনটি মামলায় তাঁর সাজা হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।
রনিকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর পত্নীতলা এলাকার বেশ কয়েকজন বাসিন্দা উল্লাস প্রকাশ করেছেন বলেও জানান পুলিশ সুপার।
সূত্র: মূল প্রতিবেদন
