প্রথম সমাচার ডেস্ক:
নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের হামলায় নিহত শাহিনুর ইসলাম ও সোহেল রানা হত্যাকাণ্ডের ৬ দিন পর থানায় মামলা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে নিহত সোহেল রানার বড় ভাই জুয়েল মোল্যা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ইদ্রিস আলী বার্তা বাজারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে ৫১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২৫ জনকে আসামি করা হয়েছে। এই পর্যন্ত পুলিশের হাতে দুইজন আসামি গ্রেফতার হয়েছে। প্রসঙ্গত, নিহত শাহিনুর ইসলাম কালিয়া পৌর কৃষকদলের সদস্য সচিব ছিলেন এবং সোহেল রানা উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার জাসাস সাধারণ সম্পাদক ছিলেন।
এর আগে, ১৮ নভেম্বর বিকেলে সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিয়া উপজেলা বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। সন্ধ্যায় মোটরসাইকেল শোভাযাত্রাসহ বিক্ষোভ মিছিলটি শহরের সড়ক প্রদক্ষিণ করে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির গ্রামের বাড়ি বেন্দারচর সড়কে প্রবেশ করেন। মিছিল ফেরার পড়ে বেন্দারচর গ্রামের বটতলা এলাকায় পৌঁছালে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে পেছনে অংশে থাকা নেতাকর্মীদের উপর আতর্কিত হামলা চালায়। এ ঘটনায় শাহিনুর ইসলাম ও সোহেল রানা গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা পাঠানো হয়। পথেই সোহেল রানার মৃত্যু হয়, আর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে শাহিনু্রকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ইদ্রিস আলী বার্তা বাজারকে বলেন, ইতিমধ্যে দিশা বিশ্বাস ও রাকিব বিশ্বাস নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। ওই এলাকায় পরিবেশ বর্তমানে শান্ত রয়েছে। এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সূত্র: মূল প্রতিবেদন

গুলশানে বাড়ি ঘেরাও করে আওয়ামী লীগ সন্দেহে ২০ জনকে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন