মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
Logo
×

নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল হত্যা মামলায় এমপিপুত্র ৩ দিনের রিমান্ডে

Icon প্রথম সমাচার ডেস্ক

নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম হত্যা মামলায় নাটোর চার (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে নিয়ে পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করেন। পরে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানান নাটোরের কোর্ট ইন্সপেক্টর আসমাউল হক।

শাকিলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরে সোমবার রাতেই নুরুজ্জামান মিন্টুকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয় বলে তখন জানান নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম।

এর আগে, গত ১৪ অক্টোবর রাত ১০টার দিকে দুর্বৃত্তদের হামলায় আহত হওয়ার ১২ দিন পর ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।

তিনি গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় কাচারিপাড়া মহল্লার রবিউল করিম মিস্ত্রির ছেলে এবং নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বলেন, শাকিল হত্যা মামলায় নুরুজ্জামান মিন্টুকে গ্রেপ্তার করে আদালতে তোলা হয়। বিজ্ঞ আদালতের কাছে ১০ দিনের রিমান্ড আবেদন করলে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ ও পরিবার সুত্রে জানা যায়, ১৪ অক্টোবর রাতে হেলমেট পরিহিত মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি চাঁচকৈড় বাজারপাড়া সড়কে পৌর বিএনপির আহ্বায়ক দুলাল সরকারের বাড়ির কাছে শাকিলের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় দুই রাউন্ড গুলিও ছুড়ে দুর্বৃত্তরা। শাকিল পালানোর সময় শহিদা জলিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর জখম করা হয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। অবস্থার অবনতি হলে ওই রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসকরা। পরদিন উন্নত চিকিৎসার জন্য ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেয়া হয়। ১২ দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর সোমবার রাত মৃত্যু হয় শাকিলের।

সোমবার রাতে গুরুদাসপুর থানার ওসি আব্দুল হান্নান বলেন, ১৯ অক্টোবর শাকিলের বাবা রবিউল করিম থানায় মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত ৮-১০ জনকে আসামি করা হয়েছে। আসামিদের শনাক্ত করা হয়েছে। তদন্তের স্বার্থে এখনই কিছু বলা যাচ্ছে না।

এদিকে, তরুণ এ নেতার মৃত্যুর খবরে পরিবার ও এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। গুরুদাসপুরের চাঁচকৈড় বাজারে তার হত্যার বিচার ও দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com