পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় নির্বাচনী ব্যানার খুলে ফেলা নিয়ে দ্বন্দে বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক খলিলুর রহমানকে মারধরের অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের আহবায়ক খোকন মল্লিকের বিরুদ্ধে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে উপজেলার বেতমোর ইউনিয়নের কালিরহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
হামলায় আহত খলিলুর রহমান উপজেলার বেতমোর ইউনিয়নের কালিরহাট গ্রামের আব্দুল মজিদ হাওলাদার ছেলে। বর্তমানে তিনি বরিশাল মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন আছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বেতমোর ইউনিয়ন পরিষদ নির্বাচনে খলিলুর রহমান দোয়া প্রার্থী হিসেবে কয়েকটি ব্যানার গাছের সাথে টানিয়ে দেন। গতরাতে ব্যানার খোলার সূত্রধরে উপজেলা ছাত্রদলের আহবায়ক খোকন মল্লিক ও সদস্য সচিব তারেকুজ্জামানের সাথে খলিলুর রহমানের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে প্রশাসনের সহায়তায় খলিলুর রহমান স্থান ত্যাগ করে কিছুদূর এগিয়ে গেলে খোকন মল্লিক ও তারেকুজ্জামানের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি খলিলুর রহমানকে মারধর শুরু করেন। আত্মরক্ষার জন্য তিনি পাশের একটি দোকানের ভেতরে উঠে গেলে সেখানেও তাকে মারধর করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হামলায় আহত খলিলুর রহমান জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি বেতমোর ইউনিয়ন থেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন। এ উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্থানীয় সংসদ সদস্য রুহুল আমিন দুলালের ছবি সম্বলিত ব্যানার ও পোস্টার টানানো হয়।
তার দাবি, উপজেলা ছাত্রদলের আহবায়ক খোকন মল্লিক ও সদস্য সচিব তারেকের নেতৃত্বে জিল্লুর নাজীর, আমীর মল্লিকসহ অজ্ঞাতনামা ১০-১৫ জন ওই পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলেন। তিনি এতে বাধা দিতে গেলে পুলিশের সামনে তার ওপর হামলা করা হয়। এ ঘটনায় তিনি ও তার সঙ্গে থাকা একজন আহত হয়েছেন বলে জানান খলিলুর রহমান।
তবে হামলার অভিযোগ অস্বীকার করে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খোকন মল্লিক বলেন, তার ওপর হামলার খবর শুনে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আবুবকর সিদ্দিক বাদল ভাইসহ আমরা হাসপাতালে গিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করি। তবে শুধু একজন ব্যক্তি অভিযোগ করলেই সেটি সত্য প্রমাণিত হয় না। আমরা স্থানীয়ভাবে জানতে পেরেছি, তাদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ ছিল এবং সেই বিরোধের জের ধরেই হামলার ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার বলেন, হামলার বিষয়ে এখন পর্যন্ত আমি কিছুই জানিনা। ছাত্রদলের কারো বিরুদ্ধে কেউ যদি অভিযোগ করে এবং তার যদি প্রমাণ পাওয়া যায়। তাহলে অবশ্যই কেন্দ্রীয় ছাত্রদলের সাথে পরামর্শ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম কিসমত বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোন তথ্য আমার জানা নেই। তবে হামলার বিষয় কেউ যদি আমাদের জেলা বিএনপির নেতৃবৃন্দের কাছে ছাত্রদলের কারও বিরুদ্ধে অভিযোগ দেয়। আমরা জেলা বিএনপির দায়ীত্বশীলদের সাথে আলোচনা করে ব্যবস্থা নিব।
এ বিষয়ে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, হামলার পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয় নি। তবে আহত ব্যক্তি অভিযোগ দিলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

এমপি নুসরাতের বাড়িতে হামলার প্রতিবাদে ফেনীতে এনসিপির বিক্ষোভ