প্রথম সমাচার ডেস্ক:
বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনসহ (বিটিভি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন ১৫টি প্রতিষ্ঠানকে শক্তিশালী ও জনমুখী করতে উপকমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
বুধবার (২৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিসিএস তথ্য ক্যাডার একীভূত করার বিষয়টিও এই উপকমিটি পর্যালোচনা করবে। একীভূত করার আলোচনায় সীমিত জনবল দিয়ে বেশি কাজ করা এবং সরকারের ব্যয় কমানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
বাংলাদেশ বেতারকে আরও জনপ্রিয় করতে ও শ্রোতাদের কাছে গ্রহণযোগ্যতা বাড়াতে পদক্ষেপ নেওয়ার সুপারিশ করে স্থায়ী কমিটি। বৈঠকের আলোচনায় স্বাধীনতার ঘোষণায় জিয়াউর রহমানের অবদান, ১৯৯০ সালের গণ-অভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে খালেদা জিয়ার ভূমিকা এবং ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের ইতিহাস বেতার ও বিটিভিতে গুরুত্ব দিয়ে তুলে ধরার বিষয়টি ওঠে।
আগামী ১৬ থেকে ২৬ ডিসেম্বরের মধ্যে বিটিভি, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) ও বাংলাদেশ বেতার পরিদর্শনের সুপারিশও করা হয় বৈঠকে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিগত শাসনামলে মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থায় পদোন্নতি থেকে বঞ্চিত ও চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের তালিকা নিয়েও বৈঠকে আলোচনা হয়। তালিকা যাচাই করে পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে পরবর্তী বৈঠকে একটি কমিটি গঠনের পক্ষে মত দেওয়া হয়। পদোন্নতি আটকে দেওয়া ও চাকরিচ্যুতির ঘটনায় যারা নির্দেশ দিয়েছিলেন এবং যারা অতিউৎসাহী ভূমিকা রেখেছিলেন, তাদের তালিকা তৈরি ও প্রকাশের ওপরও গুরুত্ব দেওয়া হয়।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং কমিটির সভাপতি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমানউল্লাহ আমানসহ কমিটির সদস্য মো. আশরাফ উদ্দিন, মো. মোস্তাফিজুর রহমান বাবুল, মো. মজিবুর রহমান, ফাহমিদা হক, মো. শফিকুল ইসলাম ও মোসা. নাজমুন নাহার বৈঠকে অংশ নেন।
সূত্র: মূল প্রতিবেদন

আলেম সমাজের ওপর নির্যাতন-নিপীড়ন ভুলবার নয়: ইশরাক