চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এ মেধাতালিকায় প্রথম হয়েও নিয়োগপত্র পাননি তামান্না আক্তার। লিখিত ও মৌখিক পরীক্ষায় চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও পুলিশ ভেরিফিকেশনে বাদ পড়েছেন বলে অভিযোগ করেছেন তিনি। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগীর দাবি অনুযায়ী, তিনি মতলব দক্ষিণ উপজেলার মেধাতালিকায় প্রথম এবং চাঁদপুর জেলায় ১১তম স্থান অর্জন করেন। শিক্ষাজীবনে তিনি হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজ থেকে ইংরেজিতে অনার্সে এবং নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজ থেকে মাস্টার্সে প্রথম শ্রেণী হয়ছেন।
তামান্না জানান, নিয়োগ প্রক্রিয়ার সব ধাপ শেষে প্রায় আট মাস অপেক্ষায় ছিলেন। গত ২৪ সেপ্টেম্বর অন্যান্য প্রার্থীদের নিয়োগপত্র দেওয়া হলেও তাকে দেওয়া হয়নি। খোঁজ নিয়ে তিনি জানতে পারেন পুলিশ ও এনএসআই ভেরিফিকেশনে তাকে বাদ দেওয়া হয়েছে।
তার অভিযোগ, ভেরিফিকেশনের সময় তাকে রাজনৈতিকভাবে ট্যাগ করা হয়েছে, যদিও তিনি ও তার পরিবারের কেউ কখনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না।
একই নিয়োগে মতলব দক্ষিণের আরেক প্রার্থী বন্যা মল্লিকও একই অভিযোগ করেছেন। ফার্মেসিতে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করা বন্যার দাবি, তিনি উপজেলার মেধাতালিকায় দ্বিতীয় হয়েছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যে বন্যা বলেন, তার একাডেমিক সনদে কোনো ত্রুটি নেই, পরিবারের কারও রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই, কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা বা জমি সংক্রান্ত বিরোধও নেই। তারপরও কেন বাদ পড়লেন, সে প্রশ্ন তোলেন তিনি।
এ ঘটনায় ভেরিফিকেশন প্রক্রিয়ার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন উঠেছে। ভুক্তভোগীদের দাবি, বাদ দেওয়ার সুনির্দিষ্ট কারণ লিখিতভাবে জানাতে হবে এবং কোনো ভুল তথ্যের কারণে বাদ পড়ে থাকলে তা পুনর্বিবেচনা করতে হবে।
এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিস বা ভেরিফিকেশন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।

যমুনায় গোসলে নেমে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
মাত্র ১৫ দিনেই ফকির লালন সাঁইয়ের দানবাক্সে মিলল ৮ লাখ টাকা
দেশে বর্তমানে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: কৃষিমন্ত্রী