শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Logo
×

যুক্তরাষ্ট্রের সমালোচনা করে রাশিয়াকে সমর্থন করল উত্তর কোরিয়ার

Icon প্রথম সমাচার ডেস্ক

তাইওয়ানে অস্ত্র বিক্রি ও সামরিক সহায়তা দেওয়ায় যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করেছে উত্তর কোরিয়া। ওয়াশিংটনের বিরুদ্ধে তাইওয়ান প্রণালিতে উত্তেজনা বাড়ানোর অভিযোগ করেছে দেশটি।

আজ বুধবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএর এক নিবন্ধে যুক্তরাষ্ট্রের সমালোচনার পাশাপাশি ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রতি সমর্থন জানিয়েছে পিয়ংইয়ং।

কেসিএনএর প্রকাশিত নিবন্ধে উত্তর কোরিয়ার আন্তর্জাতিকবিষয়ক বিশ্লেষক কিম মিয়ং চলের বক্তব্য তুলে ধরা হয়। তিনি বলেন, তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্রের নীতি ওই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করছে। একই সঙ্গে তাইওয়ানে মার্কিন যুদ্ধবিমান সরবরাহেরও তীব্র নিন্দা জানান তিনি।

কিম মিয়ং চল বলেন, যুক্তরাষ্ট্রকে দুবার ভেবে দেখতে হবে, তাইওয়ানের নিরাপত্তার জন্য তারা চীনের শক্তিশালী জাতীয় শক্তির মুখোমুখি হতে প্রস্তুত কি না এবং এর পরিণতি সামলাতে পারবে কি না।

বেইজিংয়ের ক্রমবর্ধমান সামরিক হুমকির মুখে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা নতুন এফ-১৬ভি ব্লক ৭০ যুদ্ধবিমানের প্রথম চালানের দুটি বিমান হাতে পেয়েছে তাইওয়ান। ২০১৯ সালে দেশটি মোট ৬৬টি বিমানের ক্রয়াদেশ দিয়েছিল।এই মন্তব্যের মাধ্যমে তাইওয়ান ইস্যুতে বেইজিংয়ের অবস্থানের সঙ্গে আরও শক্তভাবে সুর মিলিয়েছে পিয়ংইয়ং। তাইওয়ান ইস্যু চীনের সবচেয়ে সংবেদনশীল পররাষ্ট্রনীতির বিষয়গুলোর একটি। গণতান্ত্রিকভাবে শাসিত দ্বীপটিকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে চীন। তবে বেইজিংয়ের এই সার্বভৌমত্বের দাবি প্রত্যাখ্যান করে আসছে তাইপে।

গত কয়েক বছরে চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরদার করেছে উত্তর কোরিয়া। এতে যুক্তরাষ্ট্র এবং এশিয়া ও পশ্চিমাঞ্চলে ওয়াশিংটনের সহযোগীদের মধ্যে নিরাপত্তা উদ্বেগ বেড়েছে।

গত জুনে পিয়ংইয়ংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। বৈঠকে কিম বলেন, তিনি এক চীন নীতিকে পুরোপুরি সমর্থন করেন। আন্তর্জাতিক পরিস্থিতির পরিবর্তন যাই হোক না কেন, তাইওয়ান প্রণালির দুই পাশ একই দেশের অংশ বলে মনে করে বেইজিং।

বৈঠকে প্রতিরক্ষা সম্পর্কের বিষয়েও আলোচনা হয়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শি জিনপিং বলেন, উভয় পক্ষ কূটনীতি, আইন প্রয়োগ, সামরিক বিষয়সহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক বিনিময় বাড়াবে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com