প্রথম সমাচার ডেস্ক:
কোরআন তিলাওয়াত করা অত্যন্ত ফজিলতপূর্ণ ইবাদত। পবিত্র কোরআনের প্রতিটি অক্ষর পাঠের বিনিময়ে রয়েছে বিশেষ সওয়াব। শুধু তিলাওয়াত করাই নয়, মনোযোগ দিয়ে কোরআন শোনাও ইবাদতের অন্তর্ভুক্ত। রাসুলুল্লাহ (সা.) নিজেও সাহাবিদের কাছ থেকে কোরআন তিলাওয়াত শুনতে পছন্দ করতেন।
আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) তাঁকে বলেন, ‘আমার কাছে কোরআন পাঠ করো।’ তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, আপনার ওপরই তো কোরআন অবতীর্ণ হয়েছে, আমি আপনাকে পড়ে শোনাব? তখন রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘আমি অন্যের তিলাওয়াত শুনতে পছন্দ করি।’ (সহিহ বুখারি, হাদিস: ৫০৫৬)
বর্তমানে অনেকেই মোবাইল ফোন বা অন্য কোনো ডিভাইসে কোরআন তিলাওয়াত চালু করে শোনেন। বিশেষ করে রাতে ঘুমানোর আগে তিলাওয়াত শুনতে শুনতে ঘুমিয়ে পড়ার অভ্যাস রয়েছে অনেকের। এ ক্ষেত্রে ঘুমিয়ে পড়ার পরও যদি ডিভাইসে তিলাওয়াত চলতে থাকে, তাহলে তা কোরআনের প্রতি অসম্মান কিংবা গুনাহের কাজ হিসেবে বিবেচিত হবে কি না, এমন প্রশ্ন দেখা দেয়।
ইসলামের দৃষ্টিতে ঘুমানোর আগে বরকত ও আত্মিক প্রশান্তির আশায় কোরআন তিলাওয়াত শোনা জায়েজ। এতে কোনো বাধা নেই। তবে ঘুমিয়ে পড়ার পরও সারা রাত তিলাওয়াত চালু রাখা থেকে বিরত থাকাই উত্তম।
এর কারণ হিসেবে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘যখন কোরআন পাঠ করা হয়, তখন তোমরা মনোযোগ দিয়ে তা শোনো এবং নীরব থাকো, যাতে তোমাদের প্রতি রহমত করা হয়।’ (সুরা আল-আ'রাফ, আয়াত: ২০৪)
স্বাভাবিকভাবেই ঘুমন্ত অবস্থায় মানুষের পক্ষে তিলাওয়াতে মনোযোগ দেওয়া সম্ভব নয়। তাই ঘুমিয়ে যাওয়ার পরও তিলাওয়াত চলতে থাকলে তা শোনার উদ্দেশ্য পূরণ হয় না।
এ ক্ষেত্রে ঘুমানোর আগে কিছুক্ষণ কোরআন তিলাওয়াত শোনা যেতে পারে। চাইলে মোবাইল ফোনে ৩০ মিনিট বা এক ঘণ্টার স্লিপ টাইমার সেট করে রাখা যায়। এতে ঘুমিয়ে পড়ার পর স্বয়ংক্রিয়ভাবে তিলাওয়াত বন্ধ হয়ে যাবে।
অতএব, ঘুমানোর আগে কোরআন শোনা জায়েজ হলেও ঘুমিয়ে যাওয়ার পর দীর্ঘ সময় তিলাওয়াত চালু না রাখাই উত্তম। এতে কোরআনের প্রতি যথাযথ সম্মান বজায় রাখার পাশাপাশি মনোযোগ দিয়ে তিলাওয়াত শোনার সুযোগও তৈরি হয়।

মারধর ও ভিডিও করে থানায় দেওয়ার প্রবণতা বাড়ছে
ভুয়া সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ঠেকাতে কেএমপির গণবিজ্ঞপ্তি
আইসিসি থেকে শাস্তি পেলেন ভারতীয় পেসার