প্রথম সমাচার ডেস্ক:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন উল্লাপাড়া পৌর এলাকার ঘোষগাতী মহল্লার আবু তাহেরের ছেলে সিএনজিচালক আবু মোন্নাফ।
বুধবার (২৫ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের উল্লাপাড়া উপজেলার নবগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
উল্লাপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, রাত পৌনে ৮টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের নবগ্রাম এলাকায় ট্রাকের সঙ্গে একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলে সিএনজিচালক আবু মোন্নাফ ও অজ্ঞাতনামা এক যাত্রী নিহত হন। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেছি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
সূত্র: মূল প্রতিবেদন
