বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Logo
×

সিরাজগঞ্জে দুই হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

সিরাজগঞ্জে পৃথক দুটি হত্যা মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এর মধ্যে এক নারীকে হত্যার দায়ে তাঁর স্বামীসহ তিনজন এবং এক রিকশাচালককে হত্যার দায়ে একজনকে এ দণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে আসামিদের বিভিন্ন অঙ্কের অর্থদণ্ড এবং অনাদায়ে অতিরিক্ত কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ম আদালতের বিচারক লায়লা শারমীন এ রায় ঘোষণা করেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামচুজ্জোহা শাহানশাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, নারী হত্যার অভিযোগে স্বামীসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আসামিরা পলাতক রয়েছেন। আর রিকশাচালক হত্যা মামলার আসামি সাইফুল ইসলাম রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জামিরতা গ্রামের কোরবান আলী মাস্টারের ছেলে এনামুল হক, নওয়াব আলীর ছেলে সাইফুল ইসলাম ও শুকুর প্রামাণিকের ছেলে মিনহাজ ওরফে মেন্নই এবং সিরাজগঞ্জ সদর উপজেলার দক্ষিণ কান্দাপাড়া গ্রামের বারিক মণ্ডলের ছেলে সাইফুল ইসলাম।

মামলার নথি সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ সদর উপজেলার দক্ষিণ কান্দাপাড়া গ্রামের শাহীবাড়ি এলাকার আলম শেখ দুটি রিকশা ভাড়া দিয়ে জীবিকা নির্বাহ করতেন। তার সঙ্গে একই এলাকার সাইফুল ইসলামের টাকা-পয়সা নিয়ে বিরোধ চলছিল। এর জেরে ২০২৩ সালের ৮ অক্টোবর গরু জবাই করার ছুরি দিয়ে আলম শেখকে জবাই করে হত্যা করেন সাইফুল ইসলাম। এ ঘটনায় নিহতের বড় ভাই আজাহার আলী শেখ বাদী হয়ে মামলা করেন। ওই মামলায় আজ সাইফুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অন্যদিকে, ২০১৪ সালের ৯ ফেব্রুয়ারি দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বড়হাটি এলাকায় যমুনা নদীর পাড় থেকে অজ্ঞাত এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সয়দাবাদ ইউনিয়নের দফাদার শ্রী গোবিন্দ চন্দ্র চূর্ণকর বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেন।

পরে পুলিশ ওই নারী হত্যার রহস্য উদ্‌ঘাটনে তদন্ত শুরু করে। একপর্যায়ে হত্যায় জড়িত থাকার অভিযোগে শাহজাদপুর উপজেলার জামিরতা গ্রামের এনামুল হক, সাইফুল ইসলাম ও মিনহাজ ওরফে মেন্নইকে গ্রেপ্তার করা হয়। পরে তারা হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। নিহত নারী ছিলেন আসামি এনামুল হকের স্ত্রী। যৌতুক নিয়ে বিরোধের জেরে তাঁকে হত্যা করে মরদেহ যমুনা নদীতে ফেলে দেন আসামিরা।

এ মামলায় এনামুল হককে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর দুই আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com