প্রথম সমাচার ডেস্ক:
চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামসহ খোরশেদ আলম রনি (৩৫) নামে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) একটি আভিযানিক দল।
সোমবার (২৩ নভেম্বর) সীতাকুণ্ড থানার সলিমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সলিমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার খোরশেদ আলম রনি চট্টগ্রামের হাটহাজারী থানার নোয়াহাট এলাকার মৃত মাহবুবুল আলমের ছেলে।
এসআরবি-৭ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার মেশকাত উদ্দিন আহমেদ কলোনির (৪২ কলোনি) ১৩ নম্বর কক্ষে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামির অবস্থানের তথ্য পাওয়া যায়। ওই তথ্যের ভিত্তিতে সোমবার সেখানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি হত্যা, অস্ত্র, ডাকাতির প্রস্তুতি ও চাঁদাবাজি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি খোরশেদ আলম রনি বলে শনাক্ত হন।
এ সময় তার দেহ তল্লাশি করে পরিহিত জিন্স প্যান্টের ভেতর থেকে ম্যাগাজিনবিহীন পুরোনো একটি লোহার তৈরি পিস্তল উদ্ধার করা হয়। পরে তার বসতঘরের শয়নকক্ষে তল্লাশি চালিয়ে ম্যাগাজিনযুক্ত স্টিলের তৈরি একটি পিস্তলসদৃশ বস্তু এবং আগ্নেয়াস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
এসআরবি-৭-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার করা আগ্নেয়াস্ত্র ও সরঞ্জামাদির বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সূত্র: মূল প্রতিবেদন
