শুক্রবার, ১৯ জুন ২০২৬
Logo
×

হাসপাতাল বন্ধ, অনিশ্চয়তায় আদ্-দ্বীন উইমেনস মেডিকেল কলেজের ৬৪৬ শিক্ষার্থী

প্রথম সমাচার ডেস্ক ১৮ জুন ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

আদ্-দ্বীন হাসপাতালের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার প্রভাব পড়েছে সংশ্লিষ্ট আদ্-দ্বীন উইমেনস মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ওপর। হাসপাতালের লাইসেন্স বাতিলের পর চিকিৎসাসেবার পাশাপাশি মেডিকেল শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ও ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা।

২০০৮ সালে প্রতিষ্ঠিত আদ্-দ্বীন উইমেনস মেডিকেল কলেজে বর্তমানে মোট ৬৪৬ জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছেন। এর মধ্যে ২০৯ জন বিদেশি শিক্ষার্থী, যারা সবাই ভারতের নাগরিক। এছাড়া কলেজটিতে বর্তমানে ৮৪ জন ইন্টার্ন চিকিৎসক রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মেডিকেল কলেজটির একাডেমিক কার্যক্রম চালু থাকলেও হাসপাতাল বন্ধ থাকায় শিক্ষার্থীদের ইন্টার্নশিপ কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। বিশেষ করে চূড়ান্ত বর্ষ ও ইন্টার্নশিপ পর্যায়ের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি উদ্বেগের মধ্যে রয়েছেন।

এক ভারতীয় শিক্ষার্থী জানান, বাংলাদেশে একটি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করে অন্য হাসপাতালে ইন্টার্নশিপ করার বিষয়টি ভারতের বিদ্যমান নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। ফলে তাদের ডিগ্রির স্বীকৃতি ও ভবিষ্যৎ পেশাগত জীবনে জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি বলেন, “চতুর্থ বর্ষ পর্যন্ত বাংলাদেশে পড়াশোনা করেছি। এখন দেশে ফিরে নতুন করে মেডিকেল শিক্ষা শুরু করাও বাস্তবসম্মত নয়। তাই ভবিষ্যৎ নিয়ে আমরা গভীর উদ্বেগে আছি।”

মেডিকেল শিক্ষা সংক্রান্ত বিধিমালা অনুযায়ী, একটি বেসরকারি মেডিকেল কলেজ পরিচালনার জন্য সংশ্লিষ্ট হাসপাতাল থাকা বাধ্যতামূলক। ফলে হাসপাতালের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় শিক্ষার্থীদের শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম কীভাবে পরিচালিত হবে, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি, দ্রুত এ সংকটের সমাধান করে তাদের শিক্ষা কার্যক্রম এবং ইন্টার্নশিপ চালু রাখার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক। বিশেষ করে বিদেশি শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুস্পষ্ট সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন তারা।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...