শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Logo
×

‘বেয়াদব ডেঙ্গু মশা এখন দিনেও কামড়ায়, রাতেও কামড়ায়’

Icon প্রথম সমাচার ডেস্ক

ডেঙ্গু মশাকে ‘বেয়াদব’ আখ্যা দিয়ে ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও স্থানীয় সরকার বিভাগের পরিচালক মো. আজমুল হক বলেছেন, ডেঙ্গু মশা আগে দিনে কামড়াতো এখন রাতেও কামড়ায়।

আজ রোববার (২৭ সেপ্টেম্বর) বিকালে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উপলক্ষে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচি ও মশক নিধন কার্যক্রমে অংশ নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বেয়াদব ডেঙ্গু মশা এখন দিনেও কামড়ায়, রাতেও কামড়ায়। এই মশা শুধু পরিষ্কার পানিতে থাকে না, ময়লা পানিতেও থাকে। তাই ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে।’

পরে তিনি অতিথিদের সঙ্গে নিয়ে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় জঙ্গল ও আবর্জনা পরিষ্কারের কর্যক্রমে অংশ নেন।

এ সময় তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু মশক নিধন কার্যক্রম চালালেই হবে না, মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। বাড়িঘর, অফিস ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ব্যাপক প্রচার-প্রচারণা চালাতে হবে। সবাই নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল হলে ডেঙ্গুর বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

গোপালগঞ্জ জেলা পরিষদ প্রশাসক শরীফ রফিক উজ্জামান বলেন, ডেঙ্গু মশা এখন সর্বত্র ছড়িয়ে পড়েছে। এরা দিনে-রাতে সবসময়ই কামড়ায়। তাই প্রত্যেককে নিজের বাসাবাড়ি ও কর্মস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরিতে জেলা পরিষদের পক্ষ থেকে জেলার সর্বত্র কার্যক্রম চালানো হবে।

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর এই বিশেষ কর্মসূচি আগামী তিন মাস ধরে চলবে-উল্লেখ করেন তিনি।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com