বিএনপি সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী মিলে ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেন, ছিয়ানব্বইয়ের মতো আওয়ামী লীগ ও জামায়াত মিলে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে।
তিনি আরো বলেন, ‘রাজশাহী সফরকালে প্রধানমন্ত্রীকে নিয়ে এক যুবক ফেসবুকে স্নাইপার দিয়ে হত্যার হুমকি দিয়েছে। এই ঘটনার পেছনে বিরোধী দলের উসকানি আছে কি না তা খতিয়ে দেখা উচিত। বিরোধী দলের উসকানি ও বিতর্কিত অবস্থানের কারণে ওই যুবক প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করার উৎসাহ পেয়েছে।’
গতকাল বৃহস্পতিবার ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপরাইল আবুবকর বিশ্বাস মকছেদ আলী কলেজে আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাশেদ খাঁন এসব কথা বলেন।
বিরোধী দলের সমালোচনা করে তিনি বলেন, ‘ছিয়ানব্বই ও ছিয়াশিতে আওয়ামী লীগের সঙ্গে জোট করেছিল জামায়াত। এখন আবার তারা মিলে গেছে। জামায়াত ও আওয়ামী লীগ মিলে বিএনপি সরকারের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে।’
জামায়াত আমিরের সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, ‘জামায়াতের আমির সব সময় মিথ্যা কথা বলেন।
জামায়াতের নেতারা তাঁকে দরবেশ ভাবতে পারেন। কিন্তু জামায়াতের আমির একের পর রাজনৈতিক মিথ্যাচার করে যাচ্ছেন। তিনি জাসদ ছাত্রলীগ করতেন, সন্ত্রাস করেছেন, মিথ্যা কথা বলেছেন। জামায়াতে যোগ দেওয়ার পরে কি তিনি মিথ্যা ছেড়ে দিয়েছেন? জামায়াত ও আওয়ামী লীগের ষড়যন্ত্র মোকাবেলায় বিএনপি, ছাত্রদল, যুবদলের নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে প্রস্তুত আছে।’

মাগুরায় যুবদল নেতা হত্যা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক গ্রেপ্তার
মসজিদে ‘রাজনৈতিক আলোচনা’ নিয়ে আপত্তি, বিএনপি-জামায়াতের হাতাহাতি
হঠাৎ অসুস্থ বিএনপির তিন জ্যেষ্ঠ নেতা