জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ছাড়া আবাসিক হোটেলে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের একা কিংবা কথিত প্রেমিকের সঙ্গে থাকার সুযোগ দিলে সংশ্লিষ্ট হোটেলের মালিক ও ব্যবস্থাপকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না।
শনিবার (২৪ অক্টোবর) কক্সবাজার জেলা প্রশাসন আয়োজিত ‘নিরাপদ পর্যটন নিশ্চিতকরণ’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।
শহরের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত সভায় হোটেল-মোটেল-রেস্তোরাঁর মালিক, পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ী ও বিভিন্ন অংশীজন অংশ নেন।
শামীম আরা স্বপ্না বলেন, কক্সবাজারে অল্পবয়সী মেয়েদের কথিত প্রেমিকের সঙ্গে হোটেলে আসতে দেখা যাচ্ছে। তারা অপ্রাপ্তবয়স্ক। এ বয়সে তাদের একা হোটেলে থাকার সুযোগ দেওয়া উচিত নয়। জাতীয় পরিচয়পত্র ছাড়া তাদের হোটেলে থাকার অনুমতি দেওয়া আইনত গুরুতর অপরাধ।
তিনি বলেন, এ ধরনের পরিস্থিতির কারণে নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। কেউ পথে-ঘাটে প্রাণ হারাচ্ছেন, আবার কেউ আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। কক্সবাজারে এ ধরনের পরিস্থিতি কোনোভাবেই হতে দেওয়া যায় না।
পর্যটন ব্যবসায়ীদের উদ্দেশে সংসদ সদস্য বলেন, কেউ মা-বাবার সঙ্গে এলে হোটেলে থাকতে পারবে। তবে কথিত প্রেমিকের সঙ্গে এলে জাতীয় পরিচয়পত্র ছাড়া থাকার অনুমতি দেওয়া যাবে না। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক।
সভায় পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান বলেন, কুমিল্লার সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে কক্সবাজারের নামও আলোচনায় এসেছে। নেতিবাচক প্রচারণার কারণে পর্যটকরা যেন কক্সবাজার থেকে মুখ ফিরিয়ে না নেন, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।
জেলা প্রশাসক এম এ মান্নানের সভাপতিত্বে সভায় কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং পর্যটন ব্যবসায়ী নেতারা বক্তব্য দেন।

সম্প্রতি ‘ধর্ষণ-নিপীড়নের’ ঘটনাগুলো অত্যন্ত দুঃখজনক ও লজ্জাকর: ধর্মমন্ত্রী
আমি শাহজালাল রুমির পাশে আছি: সোহেল তাজ
সাজেকবাসীর দাবির সমর্থনে বাঘাইছড়িতে মশাল মিছিল