সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
Logo
×

মাহফুজ আলমের সততাকে সাধুবাদ জানাই: রাশেদ খান

Icon প্রথম সমাচার ডেস্ক

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান।

তিনি দাবি করেছেন, বিএনপিতে সুযোগ না পেয়ে মাহফুজ আলম তার নৈতিকতা ধরে রেখেছেন। এনসিপিতে যোগ দেননি। যদিও আসিফ মাহমুদ তেমনটা করেননি। ধানের শীষে নির্বাচন করতে না পেরে পরে জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেন আফিস।

নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে রোববার (২৫ অক্টোবর) দেওয়া এক পোস্টে এমন সব কথা লিখেছেন রাশেদ খান।

তিনি বলেন, ‘পদত্যাগ করার ঠিক আগের দিন রাতে আসিফ মাহমুদ বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় গিয়ে বসেছিল বিএনপিতে যোগদান করে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার জন্য। মাহফুজ আলমও ধানের শীষে নির্বাচন করতে আগ্রহী ছিল। যে কারণে দুজন একসঙ্গে বিএনপিতে যোগদান ও নির্বাচনের কনফার্মেশন পাওয়ার জন্য বিএনপির তৎকালীন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বাসায় পর্যায়ক্রমে গিয়েছিল। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টা বিএনপির প্রতীকে নির্বাচন করুক, এটা বিএনপি চায়নি।’

বিএনপি আগ্রহ না দেখানোর পর আসিফ মাহমুদ বাধ্য হয়ে এনসিপিতে যোগদান করেছে বলে দাবি রাশেদ খানের।

তিনি বলেন, ‘মাহফুজ আলম অবশ্য বিএনপিতে সুযোগ না পেয়ে নৈতিকতা ধরে রেখেছে। তার এই সততাকে সাধুবাদ জানাই।’

নির্বাচনের আগে আসন সমঝোতা নিয়েও এনসিপির বিরুদ্ধে অভিযোগ তোলেন রাশেদ খান। বলেন, ‘আবার বেশি আসন সমঝোতা করার জন্য এনসিপির শীর্ষ এক ডজন নেতা জনাব সালাহউদ্দিন আহমদের বাসায় গিয়ে বসে থাকত। কিন্তু বিএনপি এনসিপিকে চারটির বেশি আসন ছাড়তে রাজি হয়নি। আর এ কারণেই বেশি আসন ও নির্বাচনী খরচ পেয়ে জামায়াত জোটে গেছে এনসিপি। অর্থাৎ এনসিপির নতুন রাজনীতি হলো সুবিধাবাদী জিন্দাবাদের রাজনীতি।’

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com