গণভোটে অনুমোদিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। সংবিধান সংশোধন নয়, সংস্কার চান জানিয়ে সরকারের উদ্দেশ্যে বলেছেন, বহুবার সংবিধান সংশোধন হয়েছে। আদালতে যা প্রত্যাখ্যাত হয়েছে। অতীতের ভুল ধারায় চলতে রাজি নই, এজন্যই আমরা সংস্কার চাই।
আজ রোববার জাতীয় প্রেস ক্লাবে ‘জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের বর্ষপূর্তি’র আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন জামায়াতে ইসলামী আমির শফিকুর রহমান। বিএনপিকে সংস্কারের ‘নেশা’ থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি। শফিকুর রহমান বলেন, ‘সাড়ে ১৫ বছর তো সংবিধান মেনে মিছিল করে ফ্যাসিবাদ আপনারাও তাড়াতে পারেননি। আমরাও পারিনি। বিএনপির সিনিয়র নেতারাও ৪১ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা বলেছিলেন। এই সংবিধান শুধু ফ্যাসিবাদের জন্মই দেয়নি, স্থায়ী রূপ দিয়েছিল। সংবিধানের যেসব জায়গায় সংস্কার প্রয়োজন, সেখানে বিএনপি নোট অব ডিসেন্ট দিয়ে রেখেছে। যেসব সংস্কারে নোট অব ডিসেন্ট দেয়নি, এখন সেগুলোও এড়িয়ে চলছেন।
বিরোধীদলীয় নেতা বলেছেন, ‘বিএনপি এখন ইনিয়ে-বিনিয়ে বলছে, নোট অব ডিসেন্ট নিয়ে যদি সমঝোতা করতে হয়, তবে সংবিধান সংশোধন কমিটিতে বসতে হবে। তারা মূলত ৭০ ভাগ জনগণের সাথে ধাপ্পাবাজি করেছে। তারা চায় বিরোধীদলও ধাপ্পাবাজি করুক ‘
জামায়াত আয়োজিত এই আলোচনা সভায় আরও বক্তৃতা করেন এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, জুলাই শহীদ জাবের ইব্রাহিমের মা রোকেয়া বেগম এমপি, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মোহাম্মদ মনির, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসিনুর রহমান বীর প্রতীক, নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিসের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ হাসান নাসির, সাবেক রাষ্ট্রদূত সাকিব আলী প্রমুখ।
জামায়াত আমির বলেন, জুলাইয়ে আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে ঐকমত্য কমিশন গঠন হয়েছিল। দেশি-বিদেশি বিশেষজ্ঞ, রাজনৈতিক দলগুলো নিয়ে দীর্ঘ সাত মাসে সনদ তৈরি হয়। সনদ বাস্তবায়নের অঙ্গীকার ছিল সবার।
নির্বাচনের আগে গণভোট চেয়েছিল জামায়াত। দলটির আশঙ্কা ছিল, নির্বাচনের আগে না হলে সংস্কার হবে না। শফিকুর রহমান বলেছেন, আমাদের আশঙ্কা সত্যি প্রমাণিত হয়েছে। বিএনপি শুরু থেকে চাতুর্যের আশ্রয় নিয়েছে। গণভোটে বর্তমান প্রধানমন্ত্রী একবার হলেও ‘হ্যাঁ’ ভোট চাইলেন। কিন্তু জনগণ জানে ও বলে বিএনপি আসলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়নি। দেশে-বিদেশে নিজেদের লোকদের নির্দেশনা দিয়েছিল ‘না’ ভোট দেওয়ার জন্য। কিন্তু জনগণ ৭০ শতাংশ হ্যাঁ ভোট দিয়ে জানিয়ে দেয় তারা সংস্কার চায়।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ভোটে বিএনপি জয়ী হয়েছে বলে দাবি করেন জামায়াত আমির। তিনি বলেছেন, বিএনপি নির্বাচনের সময় ইনিয়ে-বিনিয়ে আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়েছে। এর রাজসাক্ষী জনগণ। শেখ হাসিনা তো বলেই দিয়েছে- ‘হাতে-পায়ে ধরে ভোট নিল, এখন বেইমানি করে কেন?’ তাঁর দলের আরেক কর্ণধার বলেছেন কমপক্ষে ৯৫টি আসনে হেরে যাওয়া বিএনপিকে আমরা জিতিয়ে দিয়েছি।
আওয়ামী লীগ ও জামায়াতের আঁতাতের গোয়েন্দা তথ্য রয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি অভিযোগ করেছেন, সীমান্তের ওপার থেকে একপক্ষের পাঠানো টাকায় দেশে অস্থিতিশীলতা তৈরি করছে আরেক পক্ষ। এর জবাবে বিরোধীদলীয় নেতা বলেছেন, ‘যে সরকার সীমান্ত দিয়ে আসা টাকা ঠেকাতে পারে না, তাদের দেশ শাসনের কোনো অধিকার নাই।’
বর্তমান পরিস্থিতির সমালোচনা করে শফিকুর রহমান বলেছেন, দেশের ওপর কর এবং দুর্নীতির বোঝা চাপিয়ে দিয়েছে বিএনপি। মানুষের জীবন এখন অতিষ্ঠ। প্রবাসে অস্থিরতার কারণে প্রবাসীরা ফেরত আসছেন। চাঁদাবাজির জ্বালায় অতিষ্ঠ জনগণ।
প্রধানমন্ত্রীকে ভালো খাওয়া দাওয়া করার পরামর্শ দিয়েছেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেছেন, ‘জনগণ আপনাকে ১৫০ টাকায় দুপুরের খাবার খেতে বলেনি। উপযুক্ত লাঞ্চ করে ঠান্ডা মাথায় দেশ চালান। জনগণের মুখে দুমুঠো ভাত তুলে দেন। শান্তিতে থাকতে দেন। বিএনপির লোকেরা মানুষের শান্তি কেড়ে নিয়েছে।’
সরকারের উদ্দেশ্যে অলি আহমেদ বলেন, অতীতের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সরকারকে বিরোধী দলের সঙ্গে সংঘাতের পথ পরিহার করতে হবে। জাতীয় ঐক্য এবং জনগণের স্বার্থে দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।
আখতার হোসেন বলেন, পুলিশ কমিশন, সুপ্রিম কোর্ট সচিবালয়, সংসদের স্থায়ী কমিটির সভাপতি পদ বিরোধী দলকে দেওয়ার প্রস্তাবে বিএনপির নোট অব ডিসেন্ট ছিল না। বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন আদেশকেও স্বাগত জানিয়েছিল। এখন মানছে না। আর পেছনে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, গণভোটে নোট অব ডিসেন্টের মীমাংসা হয়েছে। তাই জনগণের রায় উপেক্ষা না করে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ নিতে হবে।
হাসিনুর রহমান বীর প্রতীক বলেন, গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন না করে বিএনপি জাতির সঙ্গে যেই বিশ্বাসঘাতকতা করেছে, এর ফল বিএনপির জন্য শুভ হবে না।
মোহাম্মদ হাসান নাসির বলেন, বিএনপি জুলাই সনদ অক্ষরে-অক্ষরে পালন করার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে গণভোটের রায় মানেনি। জাতিকে ধোঁকা দিয়েছে।
সাকিব আলী বলেন, দুর্নীতিতে অভিযুক্ত ব্যক্তিকে দুদক চেয়ারম্যান নিয়োগ দিয়ে সরকার মূলত মাঠপর্যায়ে বার্তা দিয়েছে দুর্নীতি চালিয়ে যাও।
জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি ও ড. মো. রেজাউল করিমের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তৃতা করেন নায়েবে আমির মুজিবুর রহমান এমপি, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, নূরুল ইসলাম বুলবুল এমপি প্রমুখ।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েন চায় জামায়াত
রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার
তরুণীসহ জামায়াত নেতার ছেলেকে মেস থেকে আটক