মন্ত্রিপরিষদ সচিবের সাম্প্রতিক ব্রিফিংয়ে দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সরকারি ও বেসরকারি অফিসের সময়সূচিতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সকল সরকারি ও বেসরকারি অফিসের সময় এক ঘণ্টা কমিয়ে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। একই সাথে ব্যাংকিং কার্যক্রমের সময়ও পুনর্নির্ধারণ করা হয়েছে, যেখানে লেনদেন চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এবং বিকেল ৪টার মধ্যে ব্যাংক পুরোপুরি বন্ধ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের চাহিদার ভিত্তিতে আগামী রোববার থেকে নতুন নির্দেশনা কার্যকর করার কথা জানানো হয়েছে।
ব্যয় সংকোচন ও সাশ্রয়ী নীতি অনুসরণের লক্ষে সরকারি অর্থায়নে সকল প্রকার বৈদেশিক প্রশিক্ষণ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। এছাড়া বিভিন্ন সভা, সেমিনার ও আপ্যায়ন বাবদ খরচ অর্ধেক বা ৫০ শতাংশ কমিয়ে আনার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারি খাতে জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারের ব্যয় ৩০ শতাংশ হ্রাস করার পাশাপাশি অপ্রয়োজনীয় ভ্রমণ ব্যয়ও সমপরিমাণ কমিয়ে আনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
ঢাকার যানজট নিরসন ও পরিবেশ সুরক্ষায় ব্যক্তিগত গাড়ির ওপর চাপ কমাতে বিআরটিসির মাধ্যমে ইলেকট্রিক স্কুল বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এই কার্যক্রমে যেসব শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেবে, তাদের নতুন বাস আমদানির ক্ষেত্রে নির্ধারিত ভ্যাটের ওপর ২০ শতাংশ ছাড় দেওয়ার সুযোগ রাখা হয়েছে, তবে এক্ষেত্রে কোনো পুরাতন বাস ব্যবহার করা যাবে না।
মূলত বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এবং জনভোগান্তি লাঘবের লক্ষ্যেই সরকারের পক্ষ থেকে এই বিশেষ পদক্ষেপগুলো গ্রহণ করা হয়েছে।
