জাপান সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। আজ (মঙ্গলবার, ২৭ অক্টোবর) তারেক রহমানের সঙ্গে থাকা কয়েকটি ছবিসহ ওই পোস্ট দেয় সানায়ে তাকাইচির ভেরিফায়েড ফেসবুক পেজে।
পোস্টের ক্যাপশনে জানানো হয়, ‘বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট’ বা ‘বিগ-বি’ উদ্যোগকে আরও এগিয়ে নিয়ে ‘সমৃদ্ধি ভাগাভাগির বিগ-বি’ নামে নতুন সহযোগিতা উদ্যোগ বাস্তবায়নে দুই দেশ একমত হয়েছে।
সানায়ে তাকাইচির ফেসবুক পোস্টটি হুবহু নিচে দেয়া হলো-
আজ জাপান সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শীর্ষ বৈঠক করেছি।
‘গণতন্ত্র’ ও ‘আইনের শাসন’-এর মতো মূল্যবোধে বিশ্বাসী বন্ধু হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দায়িত্ব গ্রহণের জন্য সরাসরি অভিনন্দন জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।
‘গণতান্ত্রিক সাধারণ নির্বাচনের’ মধ্য দিয়ে গঠিত তারেক রহমানের সরকারের দেশ গঠনের প্রচেষ্টায় জাপান জোরালো সমর্থন দিয়ে যাবে।
আজ এ বিষয়গুলো সামনে রেখে বাংলাদেশ ও জাপানের মধ্যে সহযোগিতা নিয়ে আলোচনা করেছি।
‘অবাধ ও উন্মুক্ত ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল’ (এফওআইপি) প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ অংশীদার।
এবার দুই দেশের সহযোগিতার মূল ভিত্তি ‘বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট’ বা ‘বিগ-বি’ উদ্যোগকে আরও এগিয়ে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নতুন কৌশলগত সহযোগিতা উদ্যোগ ‘সমৃদ্ধি ভাগাভাগির বিগ-বি’ হিসেবে তা এগিয়ে নেয়ার বিষয়ে আমরা একমত হয়েছি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে জেনেছি, জাপান ‘শান্তিরাষ্ট্র’ হিসেবে পথ চলেছে এবং বাংলাদেশের স্বাধীনতাকে দ্রুত স্বীকৃতি দিয়েছিল। বাংলাদেশের মানুষের কাছে জাপান বিশেষ মর্যাদার অধিকারী বলেও তিনি উল্লেখ করেছেন। এ ছাড়া, জাপান সরকার ও জনগণের পক্ষ থেকে বিভিন্ন ক্ষেত্রে সহায়তা ও সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সংযোগস্থলে অবস্থিত বাংলাদেশ ১৭ কোটি মানুষের বিশাল তরুণ বাজারের বিপুল সম্ভাবনার কারণে জাপানের অর্থনীতির জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দুই দেশের ‘কৌশলগত অংশীদারত্বের’ আওতায় আজ প্রকাশিত ‘যৌথ শীর্ষ বৈঠকের বিবৃতি’ বিবেচনায় নিয়ে সরকারি ও বেসরকারি পর্যায়ে দুই দেশের যৌথ উদ্যোগের মাধ্যমে ‘একসঙ্গে, শক্তিশালী ও সমৃদ্ধ’ হতে চাই।
ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাব।

উত্তাল বঙ্গোপসাগর: ১৭০ কিলোমিটার বেগে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি
মওলানা ভাসানী একজন আইকনিক ক্যারেক্টার: শিক্ষামন্ত্রী