গণভোটের গণরায় না মানলে তারেক রহমানেরও ক্ষমতায় থাকার অধিকার নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ও যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ।
তিনি বলেন, ‘গণঅভ্যুত্থান পরবর্তী বিএনপি সরকার একলা চলো নীতিতে চলছে। তারা জনগণের গণরায়কে উপেক্ষা করে ও জুলাই সনদ বাস্তবায়ন না করে সংবিধান সংশোধন কমিটির নামে নাটক ও তালবাহানা করছে। গণভোটের গণরায় না মানলে তারেক রহমানেরও ক্ষমতায় থাকার অধিকার নেই।’
বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর বাড্ডা-লিংক রোড এলাকায় আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
আলী আহসান জুনায়েদ বলেন, ‘সরকার জনগণের অধিকারকে ক্ষুণ্ণ করছে। জনগণের নিরাপত্তার ব্যাপারে সরকারকে উদাসীন দেখতে পাচ্ছি। একই সঙ্গে দেশের সাধারণ মানুষকে সংসার চালাতেও হিমশিম খেতে হচ্ছে। গ্যাসের দাম নিয়ে গণশুনানির কথা থাকলেও সরকার সেটিকে আর মূল্যায়ন করছে না। যখন যা ইচ্ছা দাম বাড়িয়ে জনগণের ওপর উচ্চমূল্যের খড়্গ বসিয়ে দিচ্ছে।’
যে দেশের সরকার মানুষের সঙ্গে সম্পর্ক রাখতে চায় না, এনসিপিও সে সরকারকে সহযোগিতা করবে না জানিয়ে তিনি আরও বলেন, ‘আমরা চেয়েছিলাম, গণঅভ্যুত্থান পরবর্তী সরকারকে সহযোগিতা করে দেশকে এগিয়ে নিতে। কিন্তু সরকার গণরায় উপেক্ষা করে দেশের মানুষের সঙ্গে প্রতারণা করে যাচ্ছে।’
এদিন আইনশৃঙ্খলার অবনতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের অভিযোগ তুলে এসবের প্রতিবাদে প্রচারপত্র বিতরণ ও গণসংযোগ করেন এনসিপির নেতারা।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও ঢাকা উত্তরের মেয়র পদপ্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, রাজনৈতিক পর্ষদের সদস্য ও যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল আমিন, সালেহ উদ্দিন সিফাত, যুগ্ম সদস্যসচিব ফরিদুল হকসহ মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদাভাবে অংশ নেবে এনসিপি: নাহিদ ইসলাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ইউএনওর প্রত্যাহার ও সেনা মোতায়েনের দাবি জামায়াত জোটের
লগি-বৈঠার তাণ্ডবের বিচার দাবিতে সিলেটে জামায়াতের মিছিল