শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
Logo
×

আওয়ামী লীগ কেবল দু’ভাগ হয়েছে, পলাতক আর ননপলাতক: বাবুল

Icon প্রথম সমাচার ডেস্ক

আওয়ামী লীগকে ঘিরে রাজনৈতিক বক্তব্যে দলটির বর্তমান অবস্থাকে দুই ভাগে বিভক্ত করে মন্তব্য করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। তিনি বলেন, আ.লীগ কেবল দু’ভাগ হয়েছে, পলাতক লীগ আর ননপলাতক লীগ।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৪টায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের এ.এস. একাডেমি স্কুল মাঠ প্রাঙ্গণে জাতীয়তাবাদী কৃষক দলের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন।

মানিকদহ ইউনিয়ন কৃষক দলের সভাপতি সম্রাট মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক রমজান মুন্সি। সমাবেশে স্থানীয় কৃষক দলের নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে শহিদুল ইসলাম বাবুল বলেন, কৃষক হচ্ছে দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। কৃষকের নিরলস পরিশ্রমের ওপর দেশের খাদ্যনিরাপত্তা ও অর্থনৈতিক অগ্রগতি অনেকাংশে নির্ভরশীল। তাই কৃষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, কৃষি উপকরণের সহজলভ্যতা নিশ্চিত করা এবং তাদের জীবনমান উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, জাতীয়তাবাদী কৃষক দলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। কৃষকদের পাশে থাকার পাশাপাশি কৃষি ও কৃষকের সার্বিক উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর কৃষক দলের সভাপতি শফিকুর রহমান মিঠু, যুগ্ম সম্পাদক অলক কুমার বসু, কৃষক দল ফরিদপুর জেলার আহ্বায়ক ভিপি শহিদ, সদস্যসচিব মুরাদ হোসেন ও যুগ্ম আহ্বায়ক সজিব ঘোষ।

এ ছাড়া উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, সাংগঠনিক সম্পাদক এ.ও.এম. তৈমুর লং, সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, ভাঙ্গা উপজেলা কৃষক দলের সভাপতি খন্দকার আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান এবং পৌর যুবদলের সাধারণ সম্পাদক শাওন বিশ্বাসসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com