রোববার, ০১ নভেম্বর ২০২৬
Logo
×

জগন্নাথ হলের হিন্দু শিক্ষার্থীদের ‘ভারতের দালাল’ বলার অভিযোগে ‘সিএইচটি সম্প্রীতি জোট’ নেতাকে শোকজ

Icon প্রথম সমাচার ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের হিন্দু শিক্ষার্থীদের ‘র’-এর এজেন্ট ও ‘ভারতের দালাল’ বলার অভিযোগে ‘সিএইচটি সম্প্রীতি জোট’-এর প্রধান সমন্বয়কারী থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

তিনি সংগঠনটির স্থায়ী কমিটিরও সদস্য। তার বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী ও সংগঠনের শৃঙ্খলাবিরোধী বক্তব্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

জোটের স্থায়ী কমিটির চেয়ারম্যান ইঞ্জি. শাহাদাৎ ফরাজী সাকিবের আদেশক্রমে এ নোটিশ জারি করা হয়।

নোটিশে বলা হয়, সাম্প্রতিক সময়ে থোয়াইচিং মং শাকের বিভিন্ন কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে অভিযোগ পাওয়া গেছে, তিনি বাংলাদেশের সব হিন্দু ও চাকমা সম্প্রদায়ের মানুষকে উদ্দেশ করে ‘কুলাঙ্গার’ শব্দ ব্যবহার করেছেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সব হিন্দু শিক্ষার্থীকে ‘র’-এর এজেন্ট অথবা ‘ইন্ডিয়ার দালাল’ বলে আখ্যায়িত করেছেন।

নোটিশে এসব বক্তব্যকে সংগঠনের আদর্শ, নীতি ও শৃঙ্খলার পরিপন্থী বলে উল্লেখ করা হয়। এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভেদ ও অসন্তোষ তৈরি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

অভিযোগের বিষয়ে থোয়াইচিং মং শাকের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। আগামী তিন দিনের মধ্যে সংগঠনটির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সভাপতি বরাবর লিখিত বক্তব্য ও সন্তোষজনক ব্যাখ্যা দিতে তাঁকে নির্দেশ দেওয়া হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে জবাব দিতে ব্যর্থ হলে সংগঠনের গঠনতন্ত্র ও প্রচলিত সাংগঠনিক বিধি অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হতে পারে বলে নোটিশে জানানো হয়েছে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com