বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ঢাকা কলেজ শাখার ২০২৬-২৭ কার্যবর্ষের সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সংগঠনটির ২০২৫-২৬ কার্যবর্ষের সাংগঠনিক সম্পাদক নাফিজ উর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ২০২৫-২৬ কার্যবর্ষের সম্পাদকীয় পর্ষদ সদস্য আব্দুল্লাহ আল ফয়সাল।
১৬ আগস্ট সংগঠনটির ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রীয় সভাপতি মোঃ রুহুল আমিন ও সাধারণ সম্পাদক সাইশা সুলতানা সাদিয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ঢাকা কলেজ শাখার ২০২৬-২৭ কার্যবর্ষের জন্য সভাপতি পদে নাফিজ উর রহমান ও সাধারণ সম্পাদক পদে আব্দুল্লাহ আল ফয়সালকে মনোনীত করা হলো। আগামী ০৭ কার্যদিবসের মধ্যে গঠনতন্ত্র অনুযায়ী ঢাকা কলেজ শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রণয়ন করে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বরাবর প্রেরণ করতে দায়িত্বপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদককে অনুরোধ করা হলো।”
নতুন দায়িত্ব পেয়ে সভাপতি নাফিজ উর রহমান বলেন, “প্রথমেই সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি, সেই সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় ও ঢাকা কলেজ শাখার উপদেষ্টা, নেতৃবৃন্দ ও বিদায়ী কার্যনির্বাহীদের প্রতি যারা আমার ওপর ভরসা করে এই গুরুদায়িত্ব প্রদান করেছেন। এই দায়িত্বটা আমার কাছে আমানতস্বরুপ। ঢাকা কলেজ শাখার পূর্বের ধারাবাহিকতা বজায় রেখে সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিতে এবং নতুন দিগন্তের উন্মোচন করতে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবশেষে এই ফোরামের সাথে যুক্ত সকালের কাছে দোয়া প্রার্থী।”
সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফয়সাল বলেন, “বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ঢাকা কলেজ শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া এবং কেন্দ্রীয় দায়িত্বশীল, সম্মানিত উপদেষ্টাবৃন্দ ও প্রিয় সহযোদ্ধাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। মুক্তবুদ্ধি চর্চা ও সত্য প্রকাশের এই প্ল্যাটফর্মে কাজ করতে পারা আমার জন্য অত্যন্ত গৌরবের। সাধারণ সম্পাদক হিসেবে আমার প্রধান লক্ষ্য থাকবে ঢাকা কলেজ শাখায় লেখালেখির পরিবেশকে আরও বেগবান করা, কর্মশালার মাধ্যমে উদীয়মান লেখকদের দক্ষতা বাড়ানো এবং ফোরামকে একটি সুসংগঠিত ও শক্তিশালী পরিবার হিসেবে এগিয়ে নেওয়া। অর্পিত এই দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালনে আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা একান্তভাবে কামনা করছি। ইনশাআল্লাহ, সত্য ও সুন্দরের পক্ষে আমাদের কলম অবিচল থাকবে।”
