প্রথম সমাচার ডেস্ক:
দিনাজপুরে কার্যক্রম নিষিদ্ধ দুই আওয়ামী লীগ নেতার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসময় দুটি প্রাইভেটকার ভাঙচুর ও দুটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিনগত রাতে দিনাজপুর শহরের চাউলিয়াপট্টি ও পাহাড়পুর ঠোঙ্গা পট্টি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মধ্যরাতে দিনাজপুর শহর আওয়ামী লীগের সহসভাপতি জহির খানের পাহাড়পুর ঠোঙ্গাপট্টির বাড়িতে ভাঙচুর করা হয়। এসময় তার বাড়িতে থাকা গ্যারেজে থাকা মোটরসাইকেলে আগুনে পুড়িয়ে দেওয়া হয়।
অন্যদিকে চাউলিয়াপট্টিতে স’মিল সংলগ্ন বিরল উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মিলার আব্দুল লতিফের বাড়িতে ভাঙচুর করে দুর্বৃত্তরা। এসময় আব্দুল লতিফের একটি নোয়া ও একটি টয়োটা গাড়ি ভাঙচুর করা হয়।
এ বিষয়ে কোতোয়ালি থানার পরিদর্শক (অপারেশন) আব্দুর রাজ্জাক বলেন, দুটি বাড়িতে অগ্নিকাণ্ড ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে।
একই রাতে দিনাজপুর সদর উপজেলার কৃষাণ বাজার এলাকায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে নাশকতা সৃষ্টির অভিযোগে আওয়ামী লীগের দুই কর্মীকে আটক করে পুলিশে দেন যুবদল নেতারা। এসময় তাদের সঙ্গী অন্যজন পালিয়ে যান।
সূত্র: মূল প্রতিবেদন

আগুনে মানুষ পুড়িয়ে দেশে ফেরার স্বপ্ন ধ্বংসাত্মক-ন্যাক্কারজনক : গাজী আতাউর