প্রথম সমাচার ডেস্ক:
রাজনৈতিক বিবেচনায় বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন কোনো বিভাগ খোলার অনুমোদন দেয়া হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোকে বেকারত্ব তৈরির কারখানায় পরিণত করা যাবে না, বলে কড়া মন্তব্য করেছেন মন্ত্রী।
তিনি বলেন, অতীতে রাজনৈতিক কারণে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগ খোলা হতো। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) অনুরোধ করছি, বর্তমান শ্রমবাজারে প্রয়োজন নেই, এমন কোন বিভাগের অনুমোদন দেবেন না। কিছু বিশ্ববিদ্যালয়কে বেকারত্বের কারখানায় পরিণত করার জন্য বাজেট দিতে হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। শিক্ষাখাতে বিপুল অর্থ ব্যয় হলেও তার যথাযথ ব্যবহার হচ্ছে না। বেকারত্বের কারখানার বানানোর বাজেট আমাকে দিতে হচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয় এই নয় মাসে একটা ডেটাও দিতে পারেনি, তাহলে কাজ করবো কিভাবে।
রোববার (২২ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে‘ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন: সরকারের নীতি এবং ঢাবির অবস্থান’ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশ্ববিদ্যালয়গুলোর বাজেট ও বরাদ্দ প্রসঙ্গে ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বা গবেষণার বাজেটে কোন অভাব নেই; বরং বরাদ্দ করা অর্থ যথাযথভাবে খরচ করতে না পারাই বড় সমস্যা। আমি যদি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা বলি, তো ভালো কথা। পাঁচ বছর যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করবেন, আমার লাভ কী? উনি জিজ্ঞেস করবেন। তো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে শুধু পয়সা দিতে পারি। কিন্তু কোয়ালিটি এডুকেশন ডেভেলপমেন্টের জন্য উনি শুনতে চান, হাউ মাচ আই অ্যাম স্পেন্ডিং?
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গে এনে মন্ত্রী আরও বলেন, আমি অন্য ইউনিভার্সিটি আনছি না আমার কাছে। তারা আইডেন্টিফাই করতে পারেনি যে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে কত টাকা দিয়ে বসে আছি। আমি যদি বলতাম, টাকা নেই, তাহলে প্রধানমন্ত্রী যদি বলতেন, টাকা নেই কেন, তাহলে সেই প্রশ্ন উঠত। আমাদের যারা কাজ করবেন, বিটিআর করবেন, আমরা কিন্তু হাতে-হাতে লেগে যাব। কারণ, শেষ পর্যন্ত বলা হলো, মন্ত্রী টাকা দিচ্ছেন না। কথা বলার আগে হুঁশ করে কথা বলতে হবে। আমরা রাজনীতি করতে আসিনি, আমরা কাজ করতে এসেছি।
কিছু হলেই শিক্ষকরা আদালতে যান, এ প্রসঙ্গে টেনে আ ন ম এহছানুল হক মিলন বলেন, আমি বুঝি না, কিছু হলেই শিক্ষকরা হাইকোর্টে দৌড়ে যান। হোয়াই? আর হাইকোর্ট, আল্লাহ জানেন, উনারা অ্যাড্রেস করার আগে এগুলো সঠিকভাবে হিয়ারিং করেন কি না, আমাদের লয়াররা যায় কি না, চার্জদের সামনে বলে কি না, আমি তা জানি না। যদি সঠিকভাবে বুঝানো হতো, নিশ্চয়ই এই ধরনের স্টে অর্ডার আমরা পেতাম না, যে ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন বন্ধ থাকত। মানে, আসলে বুঝতে পারছিলাম যে কীভাবে নিজেদের মধ্যে কোহেশন থাকতে হবে। কী বলতে চান বলুন, আপনার অ্যাডমিশন করাতে হবে, সেশনজট থেকে বেরিয়ে আসতে হবে। এর কোন বিকল্প নেই।
এতে অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং ইউজিসির সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন বক্তব্য দেন। এছাড়া ওই অনুষ্ঠানে দেশের শতাধিক শিল্পপ্রতিষ্ঠানের নেতৃস্থানীয় প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রাধ্যক্ষ, বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, শিক্ষক ও শিক্ষার্থী প্রতিনিধিরা অংশ নেন।
সূত্র: মূল প্রতিবেদন

ফিলিস্তিনে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলাকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ বললেন আইজেনকোট