রোববার, ২২ নভেম্বর ২০২৬
Logo
×

নিজের অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল চালকের

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

কুষ্টিয়া শহরে নিজের ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় প্রাণ হারিয়েছেন চালক মোকলেসুর রহমান।

রোববার (২২ নভেম্বর) সকালে শহরের চৌড়হাস এলাকায় টেস্টি কনফেকশনারি কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোকলেসুর রহমান কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের শেখপাড়া গ্রামের কাজী উদ্দীনের ছেলে। পেশায় তিনি বেকারি পণ্য সরবরাহকারী ছিলেন।

স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, মোকলেসুর রহমান সপ্তাহে এক দিন টেস্টি কনফেকশনারি কারখানা থেকে বেকারি পণ্য নিয়ে বিভিন্ন দোকানে সরবরাহ করতেন। রোববার সকালে পণ্য নিতে এসে তিনি কারখানার সামনে নিজের অটোরিকশায় বসেছিলেন। এ সময় হঠাৎ অটোরিকশাটি চলতে শুরু করে এবং দ্রুতগতিতে গিয়ে দেয়ালে ধাক্কা খায়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

টেস্টি কনফেকশনারি কারখানার ব্যবস্থাপক হেলাল উদ্দিন বলেন, মোকলেসুর রহমান সপ্তাহে এক দিন তাদের কারখানা থেকে মালামাল নিতেন। ঘটনার দিন সকালে এসেও তাদের সঙ্গে নাশতা করেন। পরে অটোরিকশায় মালামাল তোলেন। গাড়ি ঠিক করার সময় হঠাৎ সেটি দ্রুতগতিতে চলতে শুরু করে তাকে ধাক্কা দেয় এবং দেয়ালে আঘাত করে। এতে তিনি মাটিতে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হোসেন এশিয়া পোস্টকে বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com