প্রথম সমাচার ডেস্ক:
বলিউডে অভিষেকের আগেই অভিনয়ের পাঠ নিতে গিয়ে বেশ কঠিন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। একটি সাধারণ চরিত্রে অভিনয় করতে গিয়ে বারবার ব্যর্থ হচ্ছিলেন তিনি। এমনকি একপর্যায়ে হতাশায় চোখে পানি চলে এসেছিল তার। সেই ঘটনার স্মৃতিচারণ করেছেন অভিনেতা ও অভিনয় প্রশিক্ষক অনুপম খের।
সম্প্রতি গোয়ায় অনুষ্ঠিত ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এক আলোচনায় অংশ নিয়ে দীপিকার অভিনয় শেখার সময়কার এই অভিজ্ঞতার কথা জানান অনুপম। অভিনয়ে দক্ষতা অর্জনের জন্য নিয়মিত চর্চা এবং বাস্তব জীবন থেকে চরিত্র পর্যবেক্ষণের গুরুত্ব বোঝাতে গিয়ে তিনি ঘটনাটি তুলে ধরেন।
অনুপম খেরের মুম্বাইয়ের অভিনয় শিক্ষাপ্রতিষ্ঠান ‘অ্যাক্টর প্রিপেয়ার্স’-এর দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী ছিলেন দীপিকা। ২০০৭ সালে ফারাহ খানের ‘ওম শান্তি ওম’ সিনেমার মাধ্যমে শাহরুখ খানের বিপরীতে বলিউডে অভিষেকের আগে সেখানে তিন মাসের অভিনয় প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি। সে সময় মডেল হিসেবে পরিচিতি থাকলেও অভিনয়ের জগতে নতুন ছিলেন দীপিকা।
অনুপমের ভাষ্য অনুযায়ী, মডেলিংয়ের অভিজ্ঞতা এবং মার্জিত ব্যক্তিত্বের কারণে দীপিকার আচরণে সব সময় একধরনের পরিপাট্য ছিল। এমনকি চায়ের কাপ হাতে নেওয়ার মতো সাধারণ কাজও তিনি করতেন বেশ আভিজাত্যের সঙ্গে। কিন্তু অভিনয়ের ক্ষেত্রে সবসময় এমন সৌন্দর্য বা মার্জিত ভঙ্গি চরিত্রকে বিশ্বাসযোগ্য করে তোলে না।
এই বিষয়টি বোঝাতেই এক দিন ক্লাসে দীপিকাকে একজন গৃহকর্মীর চরিত্রে অভিনয় করতে বলেন অনুপম। দৃশ্যটিতে তার কাজ ছিল শুধু মেঝে ঝাড়ু দেওয়া। কিন্তু দীপিকা সেই সাধারণ কাজটিও নিজের স্বাভাবিক সৌন্দর্য ও সাবলীল ভঙ্গিতে করছিলেন। অনুপমের মনে হয়েছিল, চরিত্রটির জন্য প্রয়োজনীয় স্বাভাবিকতা ও আত্মবিশ্বাস সেখানে ফুটে উঠছে না।
বিষয়টি বোঝাতে নিজের বাড়ির এক গৃহকর্মীকে ক্লাসে ডেকে আনেন অনুপম। তাকে দিয়ে মেঝে ঝাড়ু দেওয়ার কাজটি করিয়ে শিক্ষার্থীদের সামনে বাস্তব উদাহরণ তুলে ধরেন তিনি। ওই নারীর কাজের স্বাভাবিক ভঙ্গি দেখে দীপিকাকে একইভাবে অভিনয় করার নির্দেশ দেন।
অনুপম জানান, দীপিকাকে স্পষ্ট করে বলেছিলেন, তার অভিনয় দেখে সত্যিই যেন মনে হয় তিনি একজন গৃহকর্মী হিসেবে মেঝে পরিষ্কার করছেন। যতক্ষণ না সেই অভিনয় বিশ্বাসযোগ্য হচ্ছে, ততক্ষণ অনুশীলন চালিয়ে যেতে হবে।
বারবার চেষ্টা করেও শিক্ষকের প্রত্যাশা অনুযায়ী অভিনয় করতে না পারায় একপর্যায়ে হতাশ হয়ে পড়েন দীপিকা। অনুপমের কথায়, তিনি এতটাই বিরক্ত হয়েছিলেন যে প্রায় কেঁদেই ফেলেছিলেন। তবে হাল ছাড়েননি এই অভিনেত্রী। শেষ পর্যন্ত অনুশীলনের মাধ্যমে দৃশ্যটি ঠিকঠাক করে ফেলেন। পরে অনুপমকে ধন্যবাদও জানান তিনি।
দীপিকার সেই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে অনুপম খের অভিনয়শিল্পীদের জন্য নিয়মিত অনুশীলনের পাশাপাশি পেশাগত জীবনে বাস্তবজ্ঞান ও পরিস্থিতি বুঝে চলার দক্ষতার ওপরও গুরুত্ব দেন। তার মতে, অভিনয় শুধু সংলাপ বলা কিংবা ক্যামেরার সামনে সুন্দরভাবে উপস্থিত হওয়ার বিষয় নয়। একটি চরিত্রকে পর্দায় জীবন্ত করে তুলতে হলে আশপাশের মানুষকে পর্যবেক্ষণ করতে হয়, তাদের আচরণ বুঝতে হয় এবং প্রয়োজন অনুযায়ী নিজেকে বদলে নেওয়ার সক্ষমতা অর্জন করতে হয়।
বলিউডে এখন প্রতিষ্ঠিত অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের শুরুর দিকের এই অভিজ্ঞতা যেন মনে করিয়ে দেয়, অভিনয়ে সাফল্যের পেছনে প্রতিভার পাশাপাশি অনুশীলন ও শেখার মানসিকতাও সমান গুরুত্বপূর্ণ।
সূত্র: মূল প্রতিবেদন
