প্রথম সমাচার ডেস্ক:
বিএনপির মিছিলে হামলা ও পাঁচ নেতাকর্মী গুলিবিদ্ধ হওয়ার পর পাবনার ঈশ্বরদীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক এক পলাতক নেতার বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে পৌর শহরের সাঁড়া গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় উপজেলার সাঁড়া ইউনিয়নের মাঝদিয়া এলাকায় বিএনপির মিছিলে অতর্কিত হামলা ও গুলি চালায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে দলটির পাঁচ নেতাকর্মী গুলিবিদ্ধ হন। ওই ঘটনায় উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ হোসেন মিলন চৌধুরীর সম্পৃক্ততার অভিযোগ তোলেন বিএনপির নেতাকর্মীরা। এর জের ধরেই তার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে এ ঘটনায় হতাহত কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান আসাদ জানান, ঘটনার সংবাদ পেয়ে পাবনা সদরের অতিরিক্ত পুলিশ সুপারসহ পুলিশের একটি বিশেষ টিম ঘটনাস্থল তথা মিলন চৌধুরীর বাড়ি পরিদর্শন করেছে এবং এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে।
২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে রয়েছেন ইমতিয়াজ হোসেন মিলন চৌধুরী।
সূত্র: মূল প্রতিবেদন
