প্রথম সমাচার ডেস্ক:
অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, অতিরিক্ত ওজন, শারীরিক পরিশ্রম না করা বিভিন্ন কারণেই কোলেস্টেরল বেড়ে যেতে পারে। রক্তে খারাপ কোলেস্টেরল বা এলডিএল বেড়ে গেলে হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে। অনেকেই কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে ওষুধ সেবন করেন। তবে এর পাশাপাশি জীবনযাপন ও খাদ্যাভ্যাসে পরিবর্তন আনাও গুরুত্বপূর্ণ।
আপনার খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন আনলে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারবেন। হৃদরোগ বিশেষজ্ঞদের মতে, প্রতিদিনের খাদ্য তালিকায় চারটি খাবার রাখলে তা কোলেস্টেরল নিয়ন্ত্রণ ও হৃদস্বাস্থ্য ভালো রাখতে সহায়ক হতে পারে।
চলুন জেনে নিই কোলেস্টেরল কমাতে কোন চারটি খাবার আপনার খাদ্য তালিকায় রাখবেন।
ওজন নিয়ন্ত্রণে রাখতে অনেকেই ওটস খেয়ে থাকেন। কোলেস্টেরল কমাতেও কিন্তু ওটস বেশ উপকারী। এতে বিটা-গ্লুকান নামের এক ধরনের দ্রবণীয় আঁশ থাকে, যা অন্ত্রে জেলের মতো পদার্থ তৈরি করে। এটি পিত্তের সঙ্গে যুক্ত হয়ে মলের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যেতে সাহায্য করে। ফলে লিভার নতুন পিত্ত তৈরি করতে রক্ত থেকে কোলেস্টেরল ব্যবহার করে।
এক কাপ রান্না করা ওটসে প্রায় ৪ গ্রাম আঁশ থাকে। নিয়মিত ওটস খেলে খারাপ কোলেস্টেরল কমাতে সহায়তা করে।
মটরশুঁটি, বিভিন্ন ধরনের শিম ও ডালে প্রচুর আঁশ ও উদ্ভিজ্জ প্রোটিন থাকে। আধা কাপ রান্না করা ডাল বা শিমজাতীয় খাবারে প্রায় ৮ গ্রাম আঁশ পাওয়া যায়।
এ ধরনের খাবারের আঁশ অন্ত্রে কোলেস্টেরল শোষণ কমাতে সাহায্য করে। নিয়মিত ডাল ও শিমজাতীয় খাবার খেলে এলডিএল কোলেস্টেরল কমতে পারে। এগুলো দীর্ঘ সময় পেট ভরা রাখে। এর পাশাপাশি হৃদস্বাস্থ্য ভালো রাখতেও সহায়ক।
কোলেস্টেরল নিয়ন্ত্রণে আখরোটসহ বিভিন্ন ধরনের বাদাম বেশ ভালো কাজ করে। আখরোটে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ও স্বাস্থ্যকর চর্বি আছে।
এসব উপাদান লিভারে এলডিএল রিসেপ্টরের কার্যক্রম বাড়াতে সাহায্য করে। ফলে রক্ত থেকে খারাপ কোলেস্টেরল সরিয়ে ফেলতে শরীরের সক্ষমতা বাড়ে।
প্রতিদিন পরিমিত পরিমাণে আখরোট খাওয়া হৃদস্বাস্থ্যের জন্য ভালো হতে পারে। নাশতা বা সালাদের সঙ্গেও বাদাম খেতে পারেন।
এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল স্বাস্থ্যকর চর্বির ভালো উৎস। এটি সরাসরি রক্তের কোলেস্টেরলের মাত্রা তেমন কমায় না। তবে হৃদরোগের ঝুঁকি কমাতে পারে।
PREDIMED গবেষণায় দেখা গেছে, ভূমধ্যসাগরীয় খাদ্যাভ্যাসের সঙ্গে নিয়মিত এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল গ্রহণ করলে বড় ধরনের হৃদরোগজনিত জটিলতার ঝুঁকি কমতে পারে।
বিশেষজ্ঞদের মতে, কোলেস্টেরল কমাতে কোনো একটি খাবারের ওপর নির্ভর করা ঠিক না। শুধু খাবার একা ওষুধের মতো কোলেস্টেরল কমাতে পারে না। তবে নিয়মিত স্বাস্থ্যকর খাবার গ্রহণ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে।
যাদের কোলেস্টেরল বেশি, তাদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবার খাওয়া উচিত।
সূত্র: মূল প্রতিবেদন

চিকিৎসাসেবায় বাড়তি বাণিজ্যিক চাপ, ‘পরামর্শ ফি’ ঘিরে বাড়ছে জনঅসন্তোষ