প্রথম সমাচার ডেস্ক:
জামায়াতে ইসলামী ঢাকায় মার্কিন দূতাবাসে অনুপ্রবেশ করেছে এবং স্থানীয়ভাবে নিয়োগ পাওয়া কর্মীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে প্রভাব বিস্তারের সুযোগ পেয়েছে বলে অভিযোগ করেছেন মার্কিন পররাষ্ট্রনীতি ও নিরাপত্তা বিশ্লেষক মাইকেল রুবিন।
২৪ নভেম্বর সংবাদমাধ্যম ফার্স্টপোস্টে প্রকাশিত এক নিবন্ধে রুবিন প্রশ্ন তুলেছেন, মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়োগ ও নিরাপত্তা যাচাইয়ের প্রক্রিয়ায় কোনো ঘাটতি ছিল কি না, যার ফলে ইসলামপন্থী দলটির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বাংলাদেশ সম্পর্কে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মূল্যায়নে প্রভাব বিস্তারের সুযোগ পেয়েছেন।
তিনি এমন ইঙ্গিতও দিয়েছেন যে, কিছু মার্কিন কূটনীতিক হয়তো ইচ্ছাকৃতভাবেই জামায়াতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়োগ দেওয়ার চেষ্টা করেছেন।
রুবিন ওয়াশিংটনভিত্তিক নীতিগবেষণা প্রতিষ্ঠান মিডল ইস্ট ফোরামের পলিসি অ্যানালাইসিস বিভাগের পরিচালক। ইতিহাসে ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রিধারী সাবেক পেন্টাগন কর্মকর্তা রুবিন মার্কিন পররাষ্ট্রনীতি, রাজনৈতিক ইসলাম ও আন্তর্জাতিক নিরাপত্তা নিয়ে ব্যাপক কাজ করেছেন।
নিবন্ধে রুবিন জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীদের জন্য ত্রাণ ও কর্মসংস্থান সংস্থায় (ইউএনআরডব্লিউএ) হামাসের কথিত অনুপ্রবেশের সঙ্গে বাংলাদেশের মার্কিন দূতাবাসের অভ্যন্তরে যা ঘটছে বলে তিনি মনে করেন, তার তুলনা করেছেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মহাপরিদর্শকের কার্যালয়ের ২০২০ সালের একটি পরিদর্শন প্রতিবেদনের উল্লেখ করে রুবিন জানান, ঢাকায় মার্কিন দূতাবাসে স্থানীয়ভাবে নিয়োগ পাওয়া ৫১১ জন কর্মী ছিলেন। এ ছাড়া পররাষ্ট্র দপ্তর, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) এবং অন্যান্য সংস্থায় সরাসরি নিয়োগের জন্য অনুমোদিত পদ ছিল আরও ১৩৯টি।
জামায়াতে ইসলামী যাতে কূটনৈতিক মিশনের ভেতরে প্রভাব বিস্তারের সুযোগ না পায়, সে জন্য স্থানীয় কর্মীদের যথাযথভাবে যাচাই-বাছাই করা হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন রুবিন।
তিনি শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির আগে প্রকাশিত বাংলাদেশের সংবাদমাধ্যমের কয়েকটি প্রতিবেদনের উল্লেখ করেন। সেসব প্রতিবেদনে অভিযোগ করা হয়েছিল, দূতাবাসের উল্লেখযোগ্যসংখ্যক স্থানীয় কর্মী শিক্ষাজীবনে ইসলামপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।
রুবিনের ভাষ্য অনুযায়ী, পরবর্তী সময়ে প্রকাশিত প্রতিবেদনগুলোতে দূতাবাসের রাজনৈতিক সহকারী এম এম ফিরোজ আহমেদকে জামায়াতে ইসলামীর একজন পূর্ণ সদস্য হিসেবে চিহ্নিত করা হয়।
তিনি আরও অভিযোগ করেন, মার্কিন দূতাবাস বিভিন্ন অনুষ্ঠানে জামায়াতের সদস্যদের তুলনামূলক বেশি আমন্ত্রণ জানিয়েছে। এর ফলে দূতাবাসের কর্মীদের মধ্যে দলটির কথিত উপস্থিতির বাইরেও দলটি দূতাবাসে প্রবেশাধিকার পেয়েছে।
জামায়াতের সঙ্গে মার্কিন কূটনীতিকদের যোগাযোগ
২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত পেন্টাগনে ইরান ও ইরাকবিষয়ক নীতিবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা রুবিন ওয়াশিংটনভিত্তিক জননীতি গবেষণাপ্রতিষ্ঠান আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটেও কাজ করেছেন। তিনি জামায়াতের প্রতিনিধিদের সঙ্গে মার্কিন কূটনীতিকদের যোগাযোগের বেশ কয়েকটি ঘটনার উল্লেখ করেছেন।
২০২৩ সালের ২৬ অক্টোবর ঢাকার আমেরিকান ক্লাবে একজন মার্কিন রাজনৈতিক কর্মকর্তা জামায়াতে ইসলামীর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদককে আমন্ত্রণ জানান। পরদিন অনুষ্ঠিতব্য একটি সমাবেশ নিয়ে আলোচনা করতে তাঁদের মধ্যে ওই বৈঠক হয়।
২০২৫ সালে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা জেমস এ স্টুয়ার্ট জামায়াতের সিলেট জেলা কার্যালয় পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন দূতাবাসের সহকারী রাজনৈতিক বিশেষজ্ঞ মোহাম্মদ ইকবাল মাহমুদ।
এ ছাড়া ২০২৬ সালের ২২ জানুয়ারি দ্য ওয়াশিংটন পোস্টে প্রকাশিত একটি ফাঁস হওয়া কথোপকথনের উল্লেখ করেন রুবিন। সেখানে একজন মার্কিন কূটনীতিক জামায়াতের প্রতিনিধিদের বলেছিলেন, ওয়াশিংটন দলটির সঙ্গে ‘বন্ধুত্বপূর্ণ সম্পর্ক’ চায়।
রুবিনের মতে, এসব ঘটনা এমন একটি বৃহত্তর প্রবণতার প্রতিফলন, যেখানে মার্কিন কূটনীতিকেরা একটি ইসলামপন্থী সংগঠনের সঙ্গে সমঝোতামূলক আচরণ করছেন। অথচ সংগঠনটির আদর্শিক ও রাজনৈতিক ইতিহাস ওয়াশিংটনের জন্য গুরুতর নিরাপত্তা উদ্বেগের কারণ হওয়া উচিত ছিল।
হাসিনার ক্ষমতাচ্যুতির বিষয়ে ওয়াশিংটনের মূল্যায়নে প্রভাব
রুবিনের নিবন্ধে সবচেয়ে গুরুতর অভিযোগগুলোর একটি হলো, ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পেছনে থাকা রাজনৈতিক অস্থিরতা সম্পর্কে ওয়াশিংটনের ধারণা তৈরিতে দূতাবাসের স্থানীয়ভাবে নিয়োগ পাওয়া কর্মীদের ভূমিকা।
তাঁর যুক্তি, মার্কিন কূটনৈতিক মিশনগুলোর ওপর নিরাপত্তা বিধিনিষেধ কঠোর হওয়ার সঙ্গে সঙ্গে তথ্য সংগ্রহ ও রাজনৈতিক পরিস্থিতি মূল্যায়নের জন্য মার্কিন কূটনীতিকেরা স্থানীয় কর্মীদের ওপর ক্রমেই বেশি নির্ভরশীল হয়ে পড়েন।
মার্কিন কূটনীতিকেরা সাধারণত প্রতি দুই বছর পরপর বিদেশে তাঁদের কর্মস্থল পরিবর্তন করেন। অন্যদিকে, স্থানীয় কর্মীরা অনেক বেশি সময় একই পদে থাকেন। ফলে নতুন দায়িত্বে আসা কূটনীতিকেরা যাঁদের ওপর নির্ভর করেন, তাঁদের ব্যক্তিগত রাজনৈতিক সংশ্লিষ্টতা ও নিজস্ব এজেন্ডা সম্পর্কে খুব কমই জানতে পারেন।
রুবিন অভিযোগ করেন, হাসিনাবিরোধী বিক্ষোভ শুরু হলে স্থানীয় কর্মীরা মার্কিন মূল্যায়নকে এমনভাবে প্রভাবিত করেন, যাতে বাংলাদেশের প্রতিষ্ঠাতা পিতার ধর্মনিরপেক্ষতাবাদী কন্যাকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়। একই সঙ্গে মুহাম্মদ ইউনূসের হাসিনাবিরোধী ও ইসলামপন্থী রাজনৈতিক এজেন্ডাকে গুরুত্বহীন করে দেখানো হয়।
ইউনূসকে বিল ও হিলারি ক্লিনটনের মিত্র হিসেবে উল্লেখ করে রুবিন তাঁর হাসিনাবিরোধিতার কারণ হিসেবে গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে হাসিনার তদন্তের বিষয়টি তুলে ধরেন।
ক্লিনটন ফাউন্ডেশনের প্রচারিত ক্ষুদ্রঋণ মডেলেরও কঠোর সমালোচনা করেন তিনি। তাঁর ভাষায়, এটি ছিল একটি শোষণমূলক ঋণদানব্যবস্থা, যার মাধ্যমে বাংলাদেশের দরিদ্র মানুষকে শোষণ করা হয়েছে।
সাবেক এই পেন্টাগন কর্মকর্তা হাসিনাকে ক্ষমতাচ্যুত করা আন্দোলনকে স্বতঃস্ফূর্ত গণ-অভ্যুত্থান হিসেবে উপস্থাপনের বিষয়টিও চ্যালেঞ্জ করেছেন।
রুবিনের যুক্তি, হাসিনার ক্ষমতাচ্যুতির পর থেকে সামনে আসা তথ্যপ্রমাণে বিক্ষোভ সংগঠিত করার ক্ষেত্রে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া যায়। অনেক ক্ষেত্রে জামায়াতে ইসলামীর মধ্যস্থতাকারীদের মাধ্যমে এসব কর্মকাণ্ড পরিচালিত হয়েছিল বলে তিনি দাবি করেন।
জামায়াতের ইতিহাস ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উদ্বেগ
আঞ্চলিক সংঘাত ও সন্ত্রাসবাদ বিষয়ে মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দেওয়ার অভিজ্ঞতা রয়েছে রুবিনের। জামায়াতের সঙ্গে মার্কিন দূতাবাসের যোগাযোগের বিষয়টি তিনি সংগঠনটির ঐতিহাসিক কর্মকাণ্ডের প্রেক্ষাপটে তুলে ধরেছেন।
তিনি স্মরণ করিয়ে দেন, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জামায়াতে ইসলামী পাকিস্তান সেনাবাহিনী ও তাদের সহযোগী মিলিশিয়া বাহিনীগুলোকে সমর্থন করেছিল। ওই সময় পাকিস্তানি বাহিনী বাঙালিদের ওপর গণহত্যা ও ব্যাপক নৃশংসতা চালায়।
ফার্স্টপোস্টের নিবন্ধে আল-কায়েদার নেতা ওসামা বিন লাদেনের মৃত্যুর পর তাঁকে মহিমান্বিত করে জামায়াত নেতাদের দেওয়া বক্তব্যেরও উল্লেখ করা হয়েছে।
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের পক্ষ থেকে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের প্রতি শ্রদ্ধা জানানোর ঘটনাকেও দলটির আদর্শিক সহানুভূতির আরেকটি উদাহরণ হিসেবে তুলে ধরেছেন রুবিন।
এ ছাড়া যুক্তরাষ্ট্রে ১১ সেপ্টেম্বরের হামলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে পাকিস্তানের জামায়াতে ইসলামীর সদস্যদের সম্পৃক্ততার কথাও স্মরণ করিয়ে দিয়েছেন তিনি।
মার্কিন এই বিশ্লেষক আরও অভিযোগ করেছেন, জামায়াতের সঙ্গে জামায়াতুল মুজাহিদিন, শিবির ও হিজবুল মুজাহিদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
এই ঐতিহাসিক প্রেক্ষাপট বিবেচনায় রুবিন জামায়াতে ইসলামীকে অন্তত দক্ষিণ এশিয়ার হামাসের সমতুল্য সংগঠন হিসেবে বর্ণনা করেছেন। এমন একটি সংগঠনের সঙ্গে মার্কিন কূটনীতিকেরা কেন সমঝোতামূলক আচরণ করবেন এবং এর সমর্থকদের দূতাবাসের কার্যক্রমে প্রভাব বিস্তারের সুযোগ দেবেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
কংগ্রেস ও পররাষ্ট্র দপ্তরের অবস্থানে বিরোধ
ফার্স্টপোস্টে প্রকাশিত নিবন্ধের শেষাংশে মার্কিন পররাষ্ট্রনীতিনির্ধারণী মহলের ভেতরে একটি স্ববিরোধিতা রয়েছে বলে মনে করেন রুবিন।
সূত্র: মূল প্রতিবেদন

ফুলতলায় মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ বিষয়ক কর্মশালা