বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Logo
×

পুলিশের সঙ্গে ফোনালাপে আত্মসমর্পণ নিয়ে রসিকতা ‘শীর্ষ সন্ত্রাসী’ রায়হানের

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

চট্টগ্রামের ফটিকছড়িতে প্রকাশ্যে গুলি চালিয়ে ছয়জনকে আহত করার ঘটনায় আলোচনায় আসা পুলিশের সঙ্গে কল করে রসিকতা করে সেটি আবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন তালিকাভুক্ত পলাতক আসামি রায়হান আলম ওরফে ‘শুটার রায়হান’। ফোন কলে তাকে আত্মসমর্পণের আহ্বান জানায় পুলিশ। তবে আত্মসমর্পণের পর ভবিষ্যতে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হওয়ার শঙ্কা রয়েছে বলে জানিয়ে রায়হান পাল্টা জবাবে বলেন, বিষয়টি ভেবে দেখবেন।

বুধবার (২৫ নভেম্বর) রায়হানের নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজের সঙ্গে তার একটি ফোনালাপের অডিও প্রকাশ করা হয়। অডিওতে রায়হানকে বারবার আত্মসমর্পণের আহ্বান জানাতে শোনা যায়। জবাবে রায়হান আত্মসমর্পণে আগ্রহ দেখালেও নিজের নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে নানা শঙ্কার কথা তুলে ধরেন।

ফোনালাপে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ রায়হানকে আশ্বস্ত করে বলেন, আত্মসমর্পণ করলে তার পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে। বর্তমান মামলাগুলোর বাইরে নতুন করে অপ্রয়োজনীয় কোনো মামলায় তাকে জড়ানো হবে না। এ সময় পুলিশ কর্মকর্তাকে বলতে শোনা যায়, আমি ১০০ শতাংশ গ্যারান্টি দিতে পারি, আপনাকে কিছু করা হবে না। আমার কাছে ধরা দিন, কোনো সমস্যা নেই।

জবাবে রায়হান জানান, আত্মসমর্পণের ইচ্ছা তারও রয়েছে। তবে অতীতে একবার আত্মসমর্পণের উদ্যোগ নিলে সেই খবর আগেই ফাঁস হয়ে যাওয়ায় তিনি বিপাকে পড়েছিলেন বলে দাবি করেন। এবার আত্মসমর্পণ করলেও ক্ষমতার পালাবদলে রাজনৈতিক প্রতিপক্ষের মামলার শিকার হওয়ার আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, এখন জেলে ঢুকলে আট-দশ বছর কেউ বাইরে বের হতে দেবে না। বিএনপি ক্ষমতায় এলে বিএনপি মামলা দেবে, আওয়ামী লীগ এলে আওয়ামী লীগ মামলা দেবে। আমি কোন পথে যাব?

পুলিশ কর্মকর্তা পুনরায় আশ্বস্ত করে জানান, যেসব ঘটনায় তার সম্পৃক্ততা রয়েছে, কেবল সেগুলোর বাইরে নতুন কোনো মামলা দেওয়া হবে না।

কথোপকথনের একপর্যায়ে রায়হান দাবি করেন, তিনি তখন ফটিকছড়ি এলাকায় অবস্থান করছিলেন না। হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে পুলিশ তার অবস্থান শনাক্তের চেষ্টা করছে উল্লেখ করে তিনি জানান, পুলিশের একাধিক সদস্য তার খোঁজখবর রাখলেও তাকে খুঁজে পাওয়া সম্ভব নয়। অতিরিক্ত পুলিশ সুপার তাকে সেদিনই আত্মসমর্পণের আহ্বান জানালে দূরত্বের অজুহাত দেখিয়ে তা সম্ভব নয় বলে জানান রায়হান।

গুলির ঘটনা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য

ফোনালাপে ফটিকছড়ির সাম্প্রতিক গোলাগুলির প্রসঙ্গও উঠে আসে। রায়হানের দাবি, মাজার জিয়ারতের উদ্দেশ্যে যাওয়ার পথে কয়েকজন তার গাড়ি আটকানোর চেষ্টা করেন। তবে কেন তার গাড়ির সামনে-পেছনে লোকজন অবস্থান নিয়েছিল, তা তার জানা নেই বলে দাবি করেন তিনি।

গুলিতে সাধারণ মানুষ আহত হওয়ার প্রসঙ্গ তুললে রায়হান বলেন, আমার দ্বারা তো গরিব বা অসহায় মানুষের কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে না, এটা তো আপনারা জানেন। তাহলে সবাই আমার পেছনে লাগছে কেন?

এ ছাড়া কথোপকথনে ‘কাদের’ নামে এক ব্যক্তির প্রসঙ্গ এলে তাকে শনাক্ত করতে পুলিশের পক্ষ থেকে সহযোগিতা চাওয়া হয়। জবাবে রায়হান বলেন, ‘ভাই, আমি তো বেইমানি করতে পারব না।’ তবে এ বিষয়ে সরাসরি বসে কথা বলার আগ্রহ দেখান তিনি।

দীর্ঘ কথোপকথনে আত্মসমর্পণের ইঙ্গিত দিলেও চূড়ান্ত কোনো সময় জানাননি রায়হান। ফোনালাপের শেষ দিকে ভবিষ্যতে দেখা করার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘ইনশাআল্লাহ ভাই, দেখা হবে।’

এর আগে সোমবার রাতে ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নের চুরখাঁরহাট এলাকায় প্রকাশ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে ছয়জন গুলিবিদ্ধ হন। পুলিশের ভাষ্যমতে, ওই এলাকায় রায়হানের অবস্থানের খবর পেয়ে অভিযান চালানো হচ্ছিল। এ সময় স্থানীয় লোকজন তাকে চিনে ফেলে আটকানোর চেষ্টা করলে তার সহযোগীরা গুলি ছুড়ে পালিয়ে যায়।

পরদিন মঙ্গলবার ফেসবুকে দেওয়া এক পোস্টে গুলি চালানোর কথা স্বীকার করেন রায়হান। তবে আত্মরক্ষার্থে গুলি চালাতে বাধ্য হয়েছেন দাবি করে তিনি আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তার প্রস্তাব দেন।

পুলিশের তথ্য অনুযায়ী, রায়হান আলম চট্টগ্রাম নগর ও জেলা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।

ফোনালাপের সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ এশিয়া পোস্টকে জানান, রায়হানকে গ্রেপ্তারে পুলিশের অভিযান দীর্ঘদিন ধরে চলছে। ফটিকছড়ির ঘটনার আগেও তার অবস্থানের তথ্য পেয়ে অভিযান চালানো হয়েছিল। তাকে আইনের আওতায় আনতে পুলিশের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com