বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Logo
×

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, গুলি ও ককটেল বিস্ফোরণ

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

রাজশাহীতে নি’ষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে পুলিশের হাতে তুলে দেওয়াকে কেন্দ্র করে মহানগর ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া, গোলাগুলি, ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর জাদুঘর মোড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, রাতভর থেমে থেমে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ চলে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বুধবার বেলা ১১টায় মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্যসচিব ইমদাদুল হক লিমন সাংবাদিক সম্মেলন করে অভিযোগ করেন, রাজপাড়া থানা এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাঁরা জাদুঘর মোড়ে এলে মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাফায়েত হোসেন মান্না ও তাঁর চাচাতো ভাইয়ের নেতৃত্বে তাঁদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।

ইমদাদুল হক লিমনের অভিযোগ, স্থানীয় আওয়ামী লীগের নির্দেশনায় এ হামলা চালানো হয়েছে। এ সময় প্রকাশ্যে গুলি ছুড়ে এবং দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা করা হয়। এতে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী আহত হন। ছাত্রদলের নেতা হয়েও নিজ দলের নেতাকর্মীদের ওপর এভাবে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

অন্যদিকে বুধবার দুপুর ১টা ৩০ মিনিটে রাজশাহী কলেজে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মান্নতের সংবাদ সম্মেলনে করে বলেন, আওয়ামীলীগ ও ছাত্রলীগ ধরিয়ে দেয়ার নামে সদস্য সচিব লেমন প্রায় সময় চাঁদাবাজি করে। তার এমন চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে গেছে ছাত্রদল নেতৃবৃন্দ। লেমনের এমন কর্মকাণ্ডে কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দকে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সংঘর্ষ চলাকালে দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ হয়। এ সময় ককটেল বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে সংঘর্ষে জড়িতদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। তবে এরপরও কয়েক ঘণ্টা ধরে থেমে থেমে সংঘর্ষ চলতে থাকে।

এছাড়াও মধ্যরাতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষের সময় একপক্ষের গুলি করার একটি সিসিটিভির ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে ছাত্রদলের একজন গুলি ছুড়তে ছুড়তে দৌড়ে যাচ্ছে।

পুলিশ জানিয়েছে, সংঘর্ষের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com