বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Logo
×

চুয়াডাঙ্গায় ছাত্রনেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে হাজারো নেতাকর্মীর গণমিছিল

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রনেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে আয়োজিত এ গণমিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠ থেকে গণমিছিলটি শুরু হয়। পরে মিছিলটি পৌরসভা মোড়, শহীদ হাসান চত্বর, কোর্ট মোড়, পুরোনো সাহিত্য পরিষদ, সরকারি কলেজ রোড ও করবী রোড প্রদক্ষিণ করে পুনরায় টাউন ফুটবল মাঠে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

ছাত্রনেতা আমান উল্লাহ আমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু। বিশেষ অতিথি ছিলেন জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব সেলিম।

প্রধান অতিথির বক্তব্যে শফিকুল ইসলাম পিটু বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের শান্তি-শৃঙ্খলা, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথে সোচ্চার থাকার আহ্বান জানান তিনি।

গণমিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে চুয়াডাঙ্গা শহরের রাজপথ মুখরিত করে তোলেন।

গণমিছিলের নেতৃত্বদানকারী আমান উল্লাহ আমান বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রসমাজ ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় ছাত্রসমাজ সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কোনো ষড়যন্ত্র কিংবা অপশক্তি যেন দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে না পারে, সে জন্য তাঁরা রাজপথে ঐক্যবদ্ধ রয়েছেন।

তিনি আরও বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা সবসময় সাধারণ মানুষের পাশে থেকে অন্যায়, অনিয়ম ও স্বৈরাচারী কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার থাকবেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক শোয়েব তিতাস, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের সদস্যসচিব মাজেদুল আলম মেহেদী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শুভ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাইমুম আহমেদ ইকবাল, সাবেক জেলা ছাত্রদল নেতা নাঈম হাসান ও মাসুদ রানা, আলমডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সদস্যসচিব লিমন হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য মো. সবুজ মিয়া এবং জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি রাজন আহমেদসহ ছাত্রদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com