বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Logo
×

গাজীপুর-সাভার-নারায়ণগঞ্জে শ্রমিক বিক্ষোভে বন্ধ ১৪৩ কারখানা

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

মজুরি বাড়ানোর দাবিতে শ্রমিকদের বিক্ষোভের মুখে গাজীপুর, সাভার ও নারায়ণগঞ্জে মোট ১১৮টি কারখানা বন্ধ রয়েছে। এ সময় বিভিন্ন স্থানে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।

আজ বুধবার (২৫ নভেম্বর) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন গণমাধ্যমকে বলেন, ‘ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা এলাকায় শ্রমিকদের ছোড়া ইটপাটকেল দুই পুলিশ সদস্য ও চার আনসার সদস্য আহত হয়েছেন।’

তিনি আরও বলেন, ‘এ ছাড়া মহাসড়কের মালিকের বাড়ি এলাকায় এক পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।’

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, ৩৫ পোশাক কারখানা বন্ধ রয়েছে। আজ শ্রমিকদের বিক্ষোভের জেরে আরও ২০ কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

এদিকে, শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় আজ ৬০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া শ্রম আইনের ১৩(১) ধারায় ২২টিসহ বিভিন্ন ধারায় মোট ২৫টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, শ্রমিকদের কর্মবিরতি ও অসন্তোষের কারণে দুপুর ২টা পর্যন্ত মোট ৬০টি কারখানায় আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

নারায়ণগঞ্জের ফতুল্লায় তিনটি কারখানায় আজ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

শিল্প পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, আন্দোলনের কারণে ফারিহা নীটেক্স লিমিটেড, এনআর গ্রুপ ও রিবলাইন লিমিটেডে ছুটি ঘোষণা হয়।

নারায়ণগঞ্জ শিল্প পুলিশের পরিদর্শক (গোয়েন্দা) আনোয়ারুল হক বলেন বলেন, আজ বিসিক ও পঞ্চবটি এলাকায় তিনটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। তাদের দাবি, সিনিয়র ও দক্ষ শ্রমিকদের গ্রেড উন্নয়ন এবং ছুটির সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে। দীর্ঘদিন একই গ্রেডে থাকা শ্রমিকদের গ্রেড পরিবর্তনের দাবিও জানিয়েছেন তারা। তবে আন্দোলনকে কেন্দ্র করে কোনো সমস্যা হয়নি।

তিনি বলেন, ‘শ্রমিকদের পরে বুঝিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।’

এ বিষয়ে বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নারায়ণগঞ্জ জেলার সভাপতি এম এ শাহীন বলেন, ‘মজুরি বোর্ডের নতুন বেতন ঘোষণায় শ্রমিকদের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। এই মজুরি বাস্তবসম্মত হয়নি। এটা অগ্রহণযোগ্য। বাস্তবতা বিবেচনায় নিয়ে এই মজুরি পুনর্মূল্যায়ন করে আরেকটু বাড়ানোর দাবি করছি। তবে আমরা কোনো বিশৃঙ্খলার পক্ষে নেই।’

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com