বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Logo
×

সন্ত্রাস-নৈরাজ্য বন্ধের দাবিতে রাজশাহীতে জামায়াতের মিছিল

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা এবং গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে সন্ত্রাস ও নৈরাজ্যের অভিযোগ তুলে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগর শাখা।

বুধবার (২৫ নভেম্বর) নগরীর আলুপট্টি মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে গণকপাড়া মোড়ে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। বুধবার দলটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী মহানগর জামায়াতের আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। সমাবেশে দলটির নেতারা অভিযোগ করেন, রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা পালনের পরিবর্তে বিএনপি ‘রাজনৈতিক পরকীয়ায়’ লিপ্ত হচ্ছে। দলীয় স্বার্থ ও ক্ষমতাকেন্দ্রিক কর্মকাণ্ড পরিহার করে জনগণের অধিকার, নিরাপত্তা এবং দেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

সমাবেশে বক্তারা আরও দাবি করেন, সারা দেশে সন্ত্রাস, নৈরাজ্য, লুটপাট ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। এসবের বিরুদ্ধে জনগণকে সোচ্চার হওয়ার পাশাপাশি দেশের শান্তি, নিরাপত্তা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় জনসচেতনতা বৃদ্ধি এবং গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান জামায়াত নেতারা।

রাজশাহী মহানগর জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দীন সরকারের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় শূরা সদস্য ও মহানগর জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, সহকারী সেক্রেটারি মাহবুবুল আহসান বুলবুল ও আ স ম মামুন শাহীন, যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মেহেদী হাসান।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের তারবিয়ত সেক্রেটারি হাফেজ নুরুজ্জামান, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক অধ্যাপক আবুল কালাম আজাদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুস সামাদ এবং মহানগর শিল্প ও বাণিজ্যবিষয়ক সেক্রেটারি সারোয়ার জাহান প্রিন্সসহ দলটির স্থানীয় নেতাকর্মীরা।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com