প্রথম সমাচার ডেস্ক:
কুষ্টিয়ার দৌলতপুরের বাগোয়ান গ্রামে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের দাদির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিবেদন জমা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত উচ্চপর্যায়ের তদন্ত কমিটি। এক দফা সময় বাড়ানোর পর বুধবার সকালে প্রতিবেদনটি ঢাকাস্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়।
তদন্ত কমিটির প্রধান ও কুষ্টিয়া স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আহমেদ মাহবুব-উল-ইসলাম জানান, প্রতিবেদন চূড়ান্ত করার পর সিলগালা অবস্থায় মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে গোপনীয়তার স্বার্থে প্রতিবেদনের বিষয়বস্তু নিয়ে মন্তব্য করতে রাজি হননি তিনি।
কমিটির অন্য সদস্যরা হলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুষ্টিয়া সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশনস) মেজর আসরারুল হক, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন এবং কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন।
তদন্ত কমিটির এক সদস্য জানান, প্রতিবেদনে আগুন লাগার সম্ভাব্য কারণ হিসেবে সিগারেটের আগুন কিংবা পুরোনো বৈদ্যুতিক তারসহ সম্ভাব্য চার থেকে পাঁচটি বিষয় তুলে ধরা হয়েছে। সেগুলো আরও তদন্ত ও পর্যালোচনার সুপারিশ করা হয়েছে। তবে পেট্রোল বোমা থেকে আগুন লাগার সম্ভাবনা খুবই কম বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তদন্ত চলাকালে কমিটি বাড়ির বাসিন্দা ও আশপাশের কয়েকজন প্রত্যক্ষদর্শীর বক্তব্য গ্রহণ করে। তাদের বক্তব্য ঘটনাস্থলের পারিপার্শ্বিক অবস্থা ও তথ্য-উপাত্ত বিশ্লেষণ করেই সম্ভাব্য কারণগুলো চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
গত ১১ নভেম্বর গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। পরদিন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের স্থানীয় আট নেতার নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করে দৌলতপুর থানায় মামলা করেন নুসরাত তাবাসসুম। মামলায় বাড়িতে আগুন ও বিস্ফোরণ ঘটিয়ে পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়।
ঘটনার গুরুত্ব বিবেচনায় ১২ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে। প্রথমে কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। পরে ১৬ নভেম্বর থেকে আরও সাত কার্যদিবস সময় বাড়ানো হয়, যার শেষ দিন ছিল গত মঙ্গলবার।
সূত্র: মূল প্রতিবেদন

গুলশানে বাড়ি ঘেরাও করে আওয়ামী লীগ সন্দেহে ২০ জনকে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন