প্রথম সমাচার ডেস্ক:
জন্মদিন হোক বা বিয়ের অনুষ্ঠান, আনন্দের আয়োজনে কেক থাকবেই। উৎসবমুখর দিনটিকে আরও বেশি আনন্দময় করে তুলতে প্রিয়জনদের সঙ্গে মিলে কেক কাটা হয়। কেকের প্রতি মানুষের এই ভালোবাসাকে ঘিরে প্রতিবছর ২৬ নভেম্বর পালিত হয় ‘বিশ্ব কেক দিবস’।
অনেক দেশে এটি ‘জাতীয় কেক দিবস’ হিসেবেও পরিচিত। তবে দেশভেদে কেক দিবস পালনের তারিখে ভিন্নতা আছে। কিছু দেশে ২০ জুলাইও কেক দিবস পালন করা হয়।
কেকের ইতিহাস অনেক পুরোনো। প্রাচীন গ্রিস ও মিসরে মধু ও বাদাম দিয়ে এক ধরনের মিষ্টি খাবার তৈরি করা হতো। অনেকে মনে করেন, সেখান থেকেই কেক তৈরির প্রচলন শুরু হয়।
‘কেক’ শব্দটির উৎপত্তি প্রাচীন নর্স শব্দ ‘কাকা’ থেকে। অন্যদিকে, রোমান শাসনামলে কেকজাতীয় খাবার ‘প্ল্যাসেন্টা’ নামে পরিচিত ছিল। ইউরোপে ধীরে ধীরে আধুনিক গোলাকার ও আইসিংযুক্ত কেকের প্রচলন শুরু হয়।
এরপর রোমানদের মধ্যেও কেক তৈরির চল শুরু হয়। সময়ের সঙ্গে সঙ্গে কেক তৈরির উপকরণ ও পদ্ধতিতে পরিবর্তন আসে। একসময় কেক তৈরিতে ডিম, ময়দা, চিনি ও মাখনের ব্যবহার বাড়তে থাকে। ওভেন ব্যবহারের ফলে কেক হয়ে ওঠে আরও নরম ও সুস্বাদু।
জন্মদিনে কেক কাটার রীতি কিন্তু এখনকার না। এর ইতিহাসও বেশ পুরোনো। অষ্টাদশ শতাব্দীতে জার্মানিতে শিশুদের জন্মদিনে কেক সাজিয়ে মোমবাতি জ্বালানোর প্রচলন ছিল। শিশুর বয়স অনুযায়ী কেকের উপর মোমবাতি রাখা হতো।
পরে এই রীতি ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। ধীরে ধীরে জন্মদিন উদযাপনের অন্যতম অংশ হয়ে ওঠে কেক কাটা। বর্তমানে আমাদের কাছেও জন্মদিন মানেই কেক কাটা আর প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া।
স্বাদ ও পছন্দের ওপর নির্ভর করে কেকের রয়েছে নানা ধরন। চকলেট কেক, ব্ল্যাক ফরেস্ট কেক, চিজকেক, স্পঞ্জ কেক, রেড ভেলভেট কেক ও ক্যারট কেক একেক জনের পছন্দ একেক ফ্লেভার।
আজকের এই দিনটি উদযাপন করতে নিজের পছন্দের কেক কিনে পরিবারের মানুষ বা বন্ধুদের সঙ্গে খেতে পারেন। চাইলে ঘরেই তৈরি করতে পারেন চকলেট, ভ্যানিলা বা অন্য কোনো পছন্দের কেক।
এ ছাড়া প্রিয়জনদেরও কেক উপহার দিতে পারেন। ছোট্ট এই আয়োজনের মধ্য দিয়ে কাছের মানুষদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে পারেন।
সূত্র: মূল প্রতিবেদন

গরমে প্রশান্তি দেবে বেলের শরবত
বিশ্ব শিশু দিবস আজ