প্রথম সমাচার ডেস্ক:
বহিরাগতদের হামলার অভিযোগ, উপাচার্যের পদত্যাগ ও ক্যাম্পাস থেকে পুলিশ সরানোর দাবিতে টানা ৬২ দিন ধরে ক্যাম্পাসের ভেতরে ধর্না ও অবস্থান কর্মসূচি চালিয়ে আসছিলেন কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট- এসআরএফটিআই এর শিক্ষার্থীরা। কিন্তু রাতের আঁধারে তাদের সেই শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ ও বহিরাগতদের হামলার অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।
ভোরের আলো ফোটার আগেই এসআরএফটিআই ক্যাম্পাসে ঢুকে পড়ে পুলিশ। প্রায় দুই মাস—টানা ৬২ দিন—ধরে চলে আসা ছাত্র আন্দোলনের ধর্নামঞ্চ ও অস্থায়ী ক্যাম্প গুঁড়িয়ে দেওয়ার এই অভিযান ঘিরে শনিবার সকালে রণক্ষেত্রে রূপ নেয় ক্যাম্পাস প্রাঙ্গণ।
আবারও বাংলাদেশ ‘বিভক্তের’ দাবিতে কলকাতায় উপ-হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা
পুলিশের উপস্থিতিতে বহিরাগতদের মঞ্চ ভাঙার চেষ্টা, শিক্ষার্থীদের বাধা প্রদান, পিকআপ ভ্যানে সামগ্রী তোলা, ভ্যানের সামনে শুয়ে পড়া এবং ছাত্র-ছাত্রীদের টেনেহিঁচড়ে সরানোর অভিযোগে তীব্র উত্তেজনা ছড়ায়। তবে পুলিশ ও ইনস্টিটিউট কর্তৃপক্ষের দাবি, আলিপুর আদালতের আদেশ ও ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ২০২৩-এর ১৬৩(২) ধারার নির্দেশ মেনেই বেআইনি কাঠামো উচ্ছেদ করা হয়েছে।
অন্যদিকে আন্দোলনকারীদের অভিযোগ, আদালতের নির্দেশের আড়ালে জোরপূর্বক তাঁদের আন্দোলন ভেঙে দেওয়া হয়েছে এবং ঘটনার ভিডিও ধারণ করায় কয়েকজনের মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, পুলিশের উপস্থিতি ও সহযোগিতায় কয়েকজন ‘বহিরাগত’ ব্যক্তি আন্দোলনের মঞ্চ ভাঙতে গেলে তাঁরা বাধা দেন। এর পরপরই পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের তীব্র বাগ্বিতণ্ডা শুরু হয় এবং ক্যাম্পাসে ‘গো ব্যাক’ স্লোগান ওঠে।
প্রেমের সম্পর্কের জেরে ৩ জনকে নগ্ন করে কলকাতার রাস্তায় ঘোরানোর অভিযোগ
শিক্ষার্থীদের দাবি, পুলিশ ধর্নামঞ্চ ভেঙে দেওয়ার পাশাপাশি সেখানে থাকা তাঁদের আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্র দুটি পিকআপ ভ্যানে তুলে নেয়। পুলিশ ও ভ্যানের গতি রোধ করতে কয়েকজন শিক্ষার্থী পিকআপ ভ্যানের সামনে শুয়ে পড়েন। একপর্যায়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। অভিযোগ রয়েছে, পুলিশ আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের টেনেহিঁচড়ে ও চ্যাংদোলা করে সরিয়ে দেয়। এ ছাড়া পুরো ঘটনার ভিডিও ধারণ করার সময় কয়েকজন শিক্ষার্থীর মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগও উঠেছে।
ঘটনার পর এক বিবৃতিতে এসআরএফটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, আলিপুর আদালতের নির্দেশ অনুযায়ী ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ২০২৩-এর ১৬৩(২) ধারায় দায়ের হওয়া মামলায় ক্যাম্পাসের বেআইনি নির্মাণ সরানো হয়েছে। আদালতের আদেশ সম্পূর্ণভাবে অনুসরণ করে আইনসম্মত পদ্ধতিতেই মঞ্চটি অপসারণ করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
সূত্র: মূল প্রতিবেদন
