শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
Logo
×

গোপালগঞ্জে বিএনপির তিন এমপির বাড়িতে হামলা, ক্ষোভ নাকি উসকানি

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের তিন আসনের সবকটিতে বিজয়ী হন বিএনপির প্রার্থীরা। জেলার ইতিহাসে এমন ঘটনা এটিই প্রথম। তবে এর ৯ মাসের মাথায় চলতি নভেম্বরের মাঝামাঝিতে তিন সংসদ সদস্যের বাড়িঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। বিএনপির কেন্দ্রীয় নেতারা বলছেন, গোপালগঞ্জ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘাঁটি হওয়ায় শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে সেখানে এমন ঘটনা ঘটানো হয়েছে। তবে দুই এমপির মতে, এসব ঘটনা ছিল পরিকল্পিত।

গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর আলী মনে করেন, শেখ হাসিনার দেশে ফেরার ইস্যুকে ঘিরে সহিংসতার সূত্রপাত। গোপালগঞ্জ-৩ আসনের এমপি এস এম জিলানী বলেন, সারা দেশ থেকে আসা একটি সন্ত্রাসী গোষ্ঠী হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট চালিয়েছে।

দুই সংসদ সদস্যই মনে করেন, সাম্প্রতিক সহিংসতায় বাড়িঘরে হামলার ঘটনায় কারও সঙ্গে তাদের ব্যক্তিগত বা স্থানীয় বিরোধের বিষয় নেই। এটি সম্পূর্ণ পরিকল্পিত।

বিএনপির দুই কেন্দ্রীয় অবশ্য বলছেন ভিন্ন কথা। দলের কেন্দ্রীয় সহ-আইনবিষয়ক সম্পাদক সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বলেন, এমপি ও তাদের ঘনিষ্ঠদের একটি অংশের কর্মকাণ্ডে স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি সরদার মোহাম্মদ নুরুজ্জামানের মতে, মানুষের সঙ্গে সম্পর্ক থাকলে প্রতিকূল সময়ও তার প্রভাব দেখা যায়।

গোপালগঞ্জ-১ আসনে বিএনপির সেলিমুজ্জামান মোল্যা গত নির্বাচনে ৬৯ হাজার ৪৬২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গণঅধিকার পরিষদের প্রার্থী মো. কাবির মিয়া পান ৫৪ হাজার ৩২৯ ভোট। ব্যবধান ১৫ হাজার ১৩৩।

গোপালগঞ্জ-২ আসনে ডা. কে এম বাবর আলী ৪০ হাজার ৪৮ ভোট পেয়ে বিজয়ী হন। দ্বিতীয় স্থানে ছিলেন বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এম এইচ খান মনজু। তার প্রাপ্ত ভোট ছিল ৩৩ হাজার ৩৯। ব্যবধান ৭ হাজার ৯।

গোপালগঞ্জ-৩ আসনে এস এম জিলানী ৬০ হাজার ৯৯১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ চন্দ্র প্রামাণিক পান ৩৪ হাজার ৩৩৯ ভোট। ব্যবধান ২৬ হাজার ৬৫২। তিন আসনের মধ্যে ব্যবধান সবচেয়ে বেশি গোপালগঞ্জ-৩ আসনে। সবচেয়ে কম গোপালগঞ্জ-২ আসনে, যেখানে দ্বিতীয় স্থানে ছিলেন বিএনপির বিদ্রোহী প্রার্থী।

গোপালগঞ্জ-১ আসনের বাসিন্দা বিএনপির সহ-আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ স্থানীয় সাংগঠনিক দুর্বলতার কথা স্বীকার করেছেন। এশিয়া পোস্টকে তিনি বলেন, তিন এমপি ও তাদের ঘনিষ্ঠদের একটি অংশ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি থেকে বিচ্যুত হয়েছেন।

সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বলেন, ‘তিনজন এমপিকেই তো মানুষ ভোট দিয়েছেন। কিন্তু তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের যে রাজনীতি, সেই রাজনীতি থেকে বিচ্যুত হয়েছেন। তারা, তাদের পরিবার এবং কিছু লোকের কারণে জনক্ষোভ সৃষ্টি হয়েছে। তার সুযোগ নিয়ে আওয়ামী লীগ আন্দোলন করছে।’ তার মতে, মূল দল ও সহযোগী সংগঠনগুলো পুনর্গঠন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচন এবং তৃণমূল পর্যায়ে ঐক্য প্রতিষ্ঠা করা জরুরি।

সাম্প্রতিক ঘটনায় গোপালগঞ্জ-১ আসনের স্থায়ী বাসিন্দা ও স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি সরদার মোহাম্মদ নুরুজ্জামানের বাড়িতে হামলা হয়নি। কেন তার বাড়িতে হামলা হয়নি, সে ব্যাখ্যায় তিনি মানুষের সঙ্গে সুসম্পর্ক ও দীর্ঘদিনের জনসম্পৃক্ততার কথা তুলে ধরেন।

তিনি বলেন, গত দুই-আড়াই বছর মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। সামর্থ্য অনুযায়ী এলাকাবাসীর জন্য খরচ করেছি। আওয়ামী লীগ-অধ্যুষিত এলাকায় ভয়ভীতি দেখিয়ে নয়, মানুষের ভালোবাসা অর্জনের মাধ্যমে বিএনপির সমর্থন বাড়ানোর চেষ্টা করেছি।

সরদার মোহাম্মদ নুরুজ্জামান বলেন, ‘কাউকে ভয়ভীতি দেখিয়ে, আঘাত করে কখনও দল ভারী করা যায় না। মানুষের মন জয় করতে হবে।’

গোপালগঞ্জের তিন আসনেই বিএনপির স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি, জমি ও ব্যবসাপ্রতিষ্ঠান দখল, মামলা দিয়ে হয়রানি এবং রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ বিভিন্ন সময়ে সংবাদমাধ্যমে প্রকাশ হয়েছে। গোপালগঞ্জ-১ আসনের কাশিয়ানী উপজেলা বিএনপির সহ-যুববিষয়ক সম্পাদক নিয়ামুল হোসেন মিলনের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে এক নারীর কাছে আড়াই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মামলা হয় ২০২৫ সালের জানুয়ারিতে। ভুক্তভোগী শিল্পী বেগম ১৬ জানুয়ারি কাশিয়ানী থানায় মামলা করেন। চাঁদা দাবির একটি ফোনালাপ গণমাধ্যমে প্রকাশ হয়।

রাতইল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব ইমদাদুল হক ও তার অনুসারীদের বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজি ও হামলার অভিযোগে একই বছরের মে মাসে সংবাদ সম্মেলন করেন স্থানীয় ভুক্তভোগীরা।

গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্যার বিরুদ্ধেও চাঁদাবাজি, মামলা-বাণিজ্য, জমি ও ব্যবসাপ্রতিষ্ঠান দখল এবং প্রশাসনের ওপর প্রভাব বিস্তারের কথা বিভিন্ন সময়ে সামনে এসেছে। ২০২৬ সালের ৮ ফেব্রুয়ারি তৎকালীন প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি লিখিত অভিযোগ করেন স্থানীয় বাসিন্দা মো. শামীম ইসলাম।

অভিযোগে তিনি সেলিমুজ্জামানকে ‘মামলাবাজ, চাঁদাবাজ ও দখলবাজ’ হিসেবে উল্লেখ করেন। তার দাবি, গোপালগঞ্জ-১ আসনে অন্তত ২০ হাজার মানুষকে বিভিন্ন মামলায় জড়ানো হয়েছে। অনেক ব্যবসায়ীর কাছে চাঁদা চাওয়া হয়েছে। আর চাঁদা না দেওয়ায় কাউকে কাউকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। স্বেচ্ছাসেবক দল নেতা দিদার হত্যা এবং এনসিপির নেতাদের ওপর হামলার ঘটনায় করা কয়েকটি মামলায় বিপুলসংখ্যক মানুষকে আসামি করে তাদের কাছ থেকে অর্থ নেওয়া হয়েছে। মূল আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে নিরপরাধ ব্যক্তিদের হয়রানি করা হয়েছে।

অভিযোগপত্রে বলা হয়, ঢাকায় ফ্ল্যাট, জমি, বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান দখলে সেলিমুজ্জামানের লোকজন জড়িত। পল্টন ও মগবাজারে কয়েকজনের ফ্ল্যাট, বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান দখলেরও ঘটনা ঘটেছে।

শামীম ইসলামের দাবি, মুকসুদপুরের দাসের হাটের এক ব্যবসায়ীর কাছ থেকে তিন কোটি টাকা নেওয়া হয়েছে। সেবা গ্রিন লাইনের মালিক কে এম মাসুদুর রহমান মাসুদের কাছে চাওয়া হয়েছে ২৫ কোটি টাকা। এ কারণে সেবা গ্রিন লাইন ও সিএজি ফিলিং স্টেশনের উন্নয়নকাজ বন্ধ হয়ে যায়।

বৃহত্তর ফরিদপুরে বাস ও গাড়ি থেকে চাঁদা আদায়, খাসজমি দখল, বাজার থেকে চাঁদা তোলা এবং ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে অবৈধভাবে দোকান বসানোর কথাও উল্লেখ করা হয়। কাশিয়ানী ও মুকসুদপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করার হুমকি দেওয়া এবং জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অন্যায় আবদার পূরণে বাধ্য করার অভিযোগও করেন শামীম ইসলাম।

গোপালগঞ্জের কয়েকটি কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে সেলিমুজ্জামান দায়িত্ব পালন করছেন। তার স্ত্রীও একটি কলেজের সভাপতি। এসব পদ ও প্রভাবকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে অসন্তোষ তৈরি হয়েছে বলে দাবি করেন শামীম। অভিযোগ দেওয়ার সময় সেলিমুজ্জামান গোপালগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন; পরে তিনি নির্বাচিত হন।

এসব দাবি এবং গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতা নিয়ে সেলিমুজ্জামান মোল্যার বক্তব্য জানতে একাধিক চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। মোবাইলে না পেয়ে হোয়াটসঅ্যাপে একাধিকবার কল করা হয়। পরে হোয়াটসঅ্যাপে খুদেবার্তা পাঠানো হলেও সাড়া মেলেনি।

গোপালগঞ্জ-২ আসনের এমপি ডা. কে এম বাবর আলীকে ঘিরে দলের ভেতরেই বিতর্ক ছিল। ২০২৫ সালের ২২ আগস্ট যৌথ বাহিনীর অভিযানে তার বাসা থেকে কার্তুজসহ একটি পাইপগান উদ্ধারের খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। তার পরিবারের পক্ষ থেকে ঘটনাটিকে রাজনৈতিক ষড়যন্ত্র দাবি করে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানানো হয়েছিল।

জেলা বিএনপির কয়েকজন নেতা ২০২৫ সালের ২০ নভেম্বর তারেক রহমানের কাছে একটি আবেদন পাঠান। তাতে বাবর আলীর মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানানো হয়। আবেদনে অস্ত্র ব্যবসা, মামলা-বাণিজ্য ও জমি দখলসহ নানা অভিযোগ তোলা হয়। তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কয়েকজন নেতার বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ ছিল।

জেলা বিএনপির একজন জ্যেষ্ঠ নেতা গত ১৬ নভেম্বর প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে একটি লিখিত আবেদন দেন। নয় দফা অভিযোগ তুলে তিনি এসব বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানান। আবেদনে দলীয় পদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী করা নিয়ে অর্থ লেনদেন, বিতর্কিত ব্যক্তিদের সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত করা, পুলিশ প্রশাসনের ওপর প্রভাব বিস্তার এবং সরকারি সম্পত্তি ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। নিজড়া ইউনিয়ন পরিষদ ভবনের স্থান পরিবর্তনের চেষ্টার কথাও আছে। এসব অভিযোগের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

গোপালগঞ্জ-৩ আসনেও বিএনপির কয়েকজন স্থানীয় নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, ব্যবসায়ীকে মারধর, গ্রাম পুলিশকে নির্যাতন ও নির্বাচনি প্রচারে বাধা দেওয়ার অভিযোগে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। কিছু ক্ষেত্রে মামলা ও সাংগঠনিক ব্যবস্থাও নেওয়া হয়েছে। তবে এসব ঘটনায় এমপি এস এম জিলানীর প্রত্যক্ষ সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি।

পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় উপপরিদর্শক মো. ফুলমিয়া খান ২০২৬ সালের ২৫ অক্টোবর একটি মামলা করেন। এতে নিজড়া এলাকার তিনজনের নাম আসে। তারা হলেন নিজড়া কাঁঠালবাড়ি গ্রামের শহিদুল ইসলামের ছেলে আলিমুল ইসলাম, নিজড়া সরদারপাড়ার মৃত আব্দুল মান্নান সরদারের ছেলে জামিল সরদার এবং একই এলাকার মৃত ধলু সরদারের ছেলে আজম সরদার।

আলিমুল ইসলাম ও আজম সরদার ঢাকার দিয়াবাড়ির এফসি গ্রুপে কাজ করেন। তাদের একজন মার্কেটিং কর্মকর্তা, অন্যজন হিসাব কর্মকর্তা। জামিল সরদার নিজড়া বাজারের ফুটপাতে ছোট ব্যবসা করেন। আজম সরদার আগে বিএনপির কর্মী হিসেবে কারাবরণ করেছিলেন।

তিনজনেরই দাবি, পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের সময় তারা ঘটনাস্থলে ছিলেন না। আলিমুল ইসলাম ও আজম সরদার বলছেন, ঘটনার সময় তারা ঢাকায় ছিলেন। জামিল সরদারের দাবি, তিনি তখন নিজড়া বাজারে নিজের ব্যবসার কাজে ব্যস্ত ছিলেন।

এই তিনজন বলছেন, গোপালগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান পলাশ তাদের নাম মামলায় ঢোকানোর পেছনে ভূমিকা রেখেছেন। পলাশ এ দাবি অস্বীকার করে বলেছেন, পুলিশই মামলা করেছে। মামলার বাদী উপপরিদর্শক মো. ফুলমিয়া খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে কথা বলতে বলেন।

বাবর আলী মনে করেন, শেখ হাসিনার দেশে ফেরার ইস্যুকে ঘিরে সাম্প্রতিক সহিংসতার সূত্রপাত। তার দাবি, কোনো বিএনপি নেতা বা এমপির প্রতি ব্যক্তিগত আক্রোশ থেকে হামলা হয়নি।

তিনি বলেন, ‘এটা আমাদের কোনো সংসদ সদস্য কিংবা ব্যক্তিগতভাবে কোনো বিএনপি নেতার ওপর আক্রোশ থেকে করা হামলা নয়। এটা একটা পরিকল্পনা যে গোপালগঞ্জে একটি গণঅভ্যুত্থান বা গণবিপ্লব ঘটাতে হবে।’

সাধারণ ভোটারদের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি স্বীকার করেন, ভোট দিলেও সংঘাতের সময় সাধারণ মানুষ তার পাশে দাঁড়িয়ে লড়াই করবেন; এমন নিশ্চয়তা নেই। বাবর আলী বলেন, ‘তারা আমাকে ভোট দিয়েছেন, ভবিষ্যতেও দেবেন। কিন্তু শেখ হাসিনার ইস্যুকে কেন্দ্র করে গোপালগঞ্জে যে উত্তাল পরিস্থিতি, সেখানে তারা মারামারি করে আমার পাশে এসে দাঁড়াবেন না।’

গোপালগঞ্জে বিএনপির সাংগঠনিক শক্তির বাস্তবতাও তুলে ধরেছেন তিনি। তার মতে, শহরকেন্দ্রিক রাজনীতির বাইরে ইউনিয়ন ও গ্রামপর্যায়ে সংগঠন শক্তিশালী করতে হবে।

ঘনিষ্ঠদের বিরুদ্ধে মামলা-বাণিজ্য ও সাধারণ মানুষকে হয়রানির কথা অস্বীকার করে বাবর আলী বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে দায়ের হওয়া ২০ থেকে ২৫টি মামলায় কোনো নিরীহ মানুষ আসামি হয়ে থাকলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের অব্যাহতি দেওয়া উচিত।

তিনি বলেন, ‘আমরা প্রতিহিংসার রাজনীতি করি না, করবও না। গোপালগঞ্জে আমরা সাধারণ মানুষকে ভালোবাসা দিয়ে, তাদের মন জয় করে ভোট পেতে চাই।’

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com