শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
Logo
×

সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ২৫

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

সুনামগঞ্জের মধ্যনগরে খাস জমির দখল নিয়ে পূর্ববিরোধের জেরে দুই ভাইয়ের পক্ষের লোকজনের সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের ২৫ জন আহত হয়েছেন। সংঘর্ষে অন্তত সাতজন টেঁটাবিদ্ধ হয়ে গুরুতর জখম হন।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে মধ্যনগর উপজেলার আমজোড়া গ্রামের কাছে জনতা বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের আমজোড়া গ্রামের বাসিন্দা সাবেক ইউপি চেয়ারম্যান জাকিরুল আজাদ মান্না ও তার আপন ফুফাতো ভাই জলুসা গ্রামের নূরে আলম জিকুর লোকজনের মধ্যে খাস জমির দখল নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলছে। এ নিয়ে বিভিন্ন সময় উভয় পক্ষের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষ হয়েছে।

শনিবার দুপুরে জাকিরুল আজাদ মান্না ও নূরে আলম জিকুর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আমজোড়া ও জলুসা গ্রামের হাওরে গেলে শুরুতে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আমজোড়া গ্রামের কাছে জনতা বাজার এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে সাতজন টেঁটাবিদ্ধসহ উভয় পক্ষের ২৫ জন আহত হন।

আহতদের ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নেত্রকোনার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মধ্যনগর থানার উপপরিদর্শক (এসআই) উৎপল কুমার সাহা বলেন, জমিসংক্রান্ত বিরোধ নিয়ে দুপক্ষের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব রয়েছে। বিরোধের জের ধরে আগেও তারা বেশ কয়েকবার সংঘর্ষে জড়িয়েছেন। আজ দুপুরে পূর্ববিরোধের জেরেই সংঘর্ষ হয়েছে; এতে বেশ কয়েকজন আহত হন। সংঘর্ষের স্থানটি দুর্গম এলাকা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com