প্রথম সমাচার ডেস্ক:
কিশোরগঞ্জ জেলা নিষিদ্ধ ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক তারেক বিন ফয়েজকে আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমানের বিরুদ্ধে।
আজ শনিবার (২৮ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ভৈরবের শিমুলকান্দি বিদ্যুৎ উপকেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় ওসি মাহবুবুর রহমানের সঙ্গে ছিলেন থানার উপপরিদর্শক (এসআই) শক্তি পদ মৃধা, এসআই মোস্তাফিজুর রহমান এবং ছাত্রদলের দুই নেতা।
স্থানীয় সূত্রে জানা যায়, শিমুলকান্দি বিদ্যুৎ উপকেন্দ্রের ভেতরে তারেক বিন ফয়েজের অবস্থানের খবর পেয়ে সেখানে যান ওসি মাহবুবুর রহমান। এ সময় তিনি কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা আসাদুজ্জামান আসাদকে মুঠোফোনে কল করেন। ফোনে আসাদ তাকে জানান, তারেক বিন ফয়েজ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত নন। পরে তার পরিচয় ও রাজনৈতিক সম্পৃক্ততা যাচাই-বাছাইয়ের কথা বলে ঘটনাস্থল ত্যাগ করেন ওসি।আটকের পর তাকে ছেড়ে দেওয়ার ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একাধিক নেতাকর্মীর অভিযোগ, নিষিদ্ধ সংগঠনের একজন নেতাকে আটকের পর ছেড়ে দেওয়ার ঘটনা দুঃখজনক ও লজ্জাজনক। এ ধরনের ঘটনা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিকে আরও উসকে দিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা।
এ বিষয়ে জানতে চাইলে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, ‘আমি শিমুলকান্দি বিদ্যুৎ উপকেন্দ্রে গিয়েছিলাম। তখন অনেকেই বলছিলেন, তিনি ছাত্রলীগের সঙ্গে জড়িত নন। আমাকে তার নাম বলেছে মুন্না। যাচাই-বাছাই করে সেখান থেকে চলে আসি। পরে জানতে পেরেছি, তিনি জেলা ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক।’
তিনি আরও বলেন, ‘এটা এখন নিউজে দিয়েন না ভাই, থানায় আসেন, আপনার সঙ্গে কথা বলি।’
সূত্র: মূল প্রতিবেদন

সিলেটে আ.লীগের সাবেক এমপির বাড়িতে হামলা-ভাঙচুর