প্রথম সমাচার ডেস্ক:
কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৯৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০০ জনসহ মোট ৪০০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। আজ রোববার বিকেল পর্যন্ত এ ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. হাসান (৩২), রেজাউল করিম রাজু (৩৫), ইব্রাহীম খলিল সজীব (২৭), জাকির হোসেন (৪৮), ইমাম হোসেন সাকিব (২৫), ইসমাইল হোসেন (২৫), জাহাঙ্গীর হোসেন (৫০), মো. এয়াকুব (২৭) ও বেলাল হোসেন (২২)।
আজ রোববার চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক লিটন চাকমা বাদী হয়ে মামলাটি করেন।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন বলেন, নাশকতা ঠেকাতে পুলিশ তৎপর রয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাত ১০টা ৪৫ মিনিটের দিকে চৌদ্দগ্রাম পৌরসভার গোমারবাড়ি রাস্তার মাথা থেকে সরকারি কলেজ পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা এ ঘটনায় জড়িত ছিলেন বলে দাবি পুলিশের।
এ সময় পুলিশের সঙ্গে অবরোধকারীদের দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়ায় পুরো এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাস্থলে গুলির ও ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানান স্থানীয় লোকজন।
প্রায় ৪৫ মিনিট মহাসড়কের দুই লেনে অবরোধ চলার পর জামায়াত ও বিএনপির নেতা-কর্মীদের সহযোগিতায় পুলিশ যান চলাচল স্বাভাবিক করে। রডবোঝাই একটি ট্রাক আড়াআড়ি করে রেখে চালককে মারধর ও জোরপূর্বক চাবি নিয়ে যাওয়ার ঘটনায় মহাসড়কের ঢাকামুখী লেনে এক ঘণ্টার বেশি সময় যান চলাচল বন্ধ থাকে।
ঘটনার পর পুলিশের সম্ভাব্য অভিযান ঠেকাতে গোমারবাড়ি গ্রামের একটি মসজিদের মাইকে এলাকাবাসীকে যার যার কাছে যা আছে, তা নিয়ে ঘর থেকে বের হওয়ার আহ্বান জানানো হয়। সাবেক পৌর মেয়র মিজানুর রহমানের বাড়িতে হামলা হতে পারে—এমন আশঙ্কার কথা জানিয়ে মাইকে বারবার তাঁর বাড়ির সামনে লোকজনকে জড়ো হওয়ার আহ্বান জানানো হয়।
সূত্র: মূল প্রতিবেদন
