সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
Logo
×

আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে ঢাকা-মাওয়া মহাসড়কে বিএনপির অবস্থান

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা, অগ্নিসংযোগ ও সহিংসতা প্রতিরোধে ঢাকা-মাওয়া মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

রবিবার মধ্যরাতে দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের আবদুল্লাহপুর এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থান নেন তাঁরা। এ সময় মহাসড়কে চলাচলকারী যানবাহন ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নেতাকর্মীদের তৎপর থাকতে দেখা যায়।

বিএনপি নেতাকর্মীরা জানান, আওয়ামী লীগ দেশে আবারও নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাস সৃষ্টির চেষ্টা করছে। তাদের যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে তাঁরা রাজপথে অবস্থান নিয়েছেন। দেশের গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে তাঁরা সতর্ক রয়েছেন।

অবস্থান কর্মসূচিতে নেতাকর্মীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, কেরানীগঞ্জে শান্তি-শৃঙ্খলা বিনষ্ট কিংবা নাশকতার কোনো চেষ্টা করা হলে জড়িতদের আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হবে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও গণতন্ত্র রক্ষায় যেকোনো অপতৎপরতা প্রতিহত করতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সহসভাপতি খোরশেদ আলম জমিদার, তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সামিউল্লাহ, সদস্যসচিব জুয়েল মোল্লা, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সেলিম মোল্লা, বিএনপি নেতা রায়হান মিয়াসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com