কার্টুন শেয়ার করার অভিযোগে গ্রেফতারকৃত এক্টিভিস্ট হাসান নাসিমের মুক্তির দাবিতে আজ (২১ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচিটি আয়োজন করছে এনসিপি’র ছাত্রসংগঠন ‘জাতীয় ছাত্রশক্তি’।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সকাল ১১টায় অনুষ্ঠিতব্য এই মানববন্ধনে শিক্ষার্থীসহ সচেতন নাগরিকদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক জাহিদ আহসান এক বিবৃতিতে বলেন,
“হাসান নাসিমের মুক্তির দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়েছে। যেই কার্টুন শেয়ারের কারণে হাসান নাসিম গ্রেফতার হয়েছেন, ঐ কার্টুন হাতেই কালকে আমরা রাজু ভাস্কর্যে মানববন্ধনে দাঁড়াবো। যাদের সুযোগ আছে তারা এ মানববন্ধনে আসতে পারেন।“
সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়, যারা এই বিষয়ে সংহতি প্রকাশ করতে চান, তাদেরকে নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।
