বগুড়ার সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা উত্তরপাড়া এলাকায় এক হৃদয়বিদারক ঘটনায় একটি নবজাতক শিশুর গলাকাটা মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার বেলা ১১টার দিকে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটির মা আগের সম্পর্ক থেকে ২ থেকে ৩ মাসের গর্ভাবস্থা গোপন রেখে নতুনভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
পরবর্তীতে সন্তান ভূমিষ্ঠ হলে মা নিপা এবং তাঁর নতুন স্বামী দুলাল — যিনি শিশুটির জৈবিক পিতা নন — মিলে ব্লেড দিয়ে নবজাতকের গলা কেটে মরদেহ পাশের পুকুরে ফেলে দেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
ঘটনার পর পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে সন্দেহভাজন মা নিপা ও সৎ বাবা দুলালকে আটক করেছে। বর্তমানে উভয়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
এই নৃশংস হত্যাকাণ্ডের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে তীব্র শোক ও ক্ষোভের সৃষ্টি হয়। নিষ্পাপ শিশুটির জন্য দ্রুত ন্যায়বিচারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। স্থানীয় সচেতন মহল বলছেন, এমন নৃশংস ঘটনায় মানবতা আজ প্রশ্নবিদ্ধ।
পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
