রোববার, ২৪ মে ২০২৬
Logo
×
ট্রাম্পের সমালোচনায় ডেমোক্র্যাটরা

ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি ও সারের দাম বৃদ্ধি

প্রথম সমাচার ডেস্ক ১৬ মে ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্রে জ্বালানি ও কৃষি খাতে ব্যয় বেড়ে যাওয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন ডেমোক্র্যাট নেতারা। তারা অভিযোগ করেছেন, ট্রাম্প প্রশাসনের যুদ্ধনীতি সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও ব্যয়বহুল করে তুলছে।

ডেমোক্র্যাট সিনেটর ট্যামি বাল্ডউইন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ইরানকে কেন্দ্র করে ট্রাম্পের যুদ্ধনীতির কারণে কৃষকদের জন্য সার ও গ্যাসের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এর প্রভাব সরাসরি কৃষি উৎপাদন ও বাজার ব্যবস্থার ওপর পড়ছে।

বিশ্লেষকদের মতে, উপসাগরীয় অঞ্চল বিশ্বের অন্যতম বড় সার রপ্তানিকারক এলাকা। হরমুজ প্রণালির মাধ্যমে এসব পণ্য আন্তর্জাতিক বাজারে সরবরাহ করা হয়। চলমান সংঘাতের কারণে ওই অঞ্চলে পরিবহন ও সরবরাহ ব্যবস্থায় অনিশ্চয়তা তৈরি হওয়ায় বৈশ্বিক বাজারে সারের দাম বাড়ছে।

যুক্তরাষ্ট্রের সিনেটের গোয়েন্দা কমিটির চেয়ারম্যান মার্ক ওয়ার্নারও ট্রাম্প প্রশাসনের সমালোচনা করেন। তিনি বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে শুধু জ্বালানির দামই নয়, মানুষের দৈনন্দিন জীবনযাত্রার ব্যয়ও বেড়ে গেছে। বাসস্থান, পরিবহন ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের খরচ সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে।

ডেমোক্র্যাট সিনেটর মার্ক কেলি বলেন, ট্রাম্প প্রশাসনের এই যুদ্ধের কোনো সুস্পষ্ট লক্ষ্য জনগণের সামনে নেই। অথচ এর প্রভাব হিসেবে মার্কিন নাগরিকদের বাড়তি জ্বালানি ব্যয় বহন করতে হচ্ছে। তিনি আরও বলেন, দেশের মানুষের জীবনযাত্রার ব্যয় কমানোর পরিবর্তে বর্তমান প্রশাসনের নীতির কারণে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠছে।

এদিকে আন্তর্জাতিক বাজার বিশ্লেষকেরা বলছেন, মধ্যপ্রাচ্যে সংঘাত দীর্ঘায়িত হলে জ্বালানি তেল ও কৃষিপণ্যের বৈশ্বিক বাজারে আরও অস্থিরতা তৈরি হতে পারে। এর প্রভাব বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতিতেও পড়ার আশঙ্কা রয়েছে।

সূত্র: আল জাজিরা

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...