রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়টির সাবেক উপাচার্য ড. হাসিবুর রশীদকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাতে মোহাম্মদপুর এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে গত ৯ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বহুল আলোচিত আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা করেন। রায়ে ড. হাসিবুর রশীদকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই মামলায় কয়েকজন সাবেক পুলিশ সদস্য, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও ছাত্ররাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।
রায়ের পর্যবেক্ষণে আদালত জানান, আবু সাঈদ হত্যাকাণ্ড মানবতাবিরোধী অপরাধের পর্যায়ে পড়ে। মামলায় দুই সাবেক পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া আরও বেশ কয়েকজন আসামিকে তিন থেকে ১০ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
মামলার দণ্ডপ্রাপ্তদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রলীগের কয়েকজন নেতাও রয়েছেন। তাদের মধ্যে কিছু আসামি ইতোমধ্যে গ্রেপ্তার হলেও অনেকে এখনো পলাতক রয়েছেন।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া সাবেক ভিসির বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
