ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার নিয়ে কোনো ধরনের আলোচনা বা আপস করবে না ইরান—এমন দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।
তিনি বলেন, “ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কোনো আলোচনার বিষয় নয়। নন-প্রোলিফারেশন ট্রিটির (এনপিটি) আওতায় ইরানের এই অধিকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত।”
এনপিটি (NPT) একটি আন্তর্জাতিক চুক্তি, যার উদ্দেশ্য পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করা এবং পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ করা। চুক্তি অনুযায়ী সদস্য রাষ্ট্রগুলো শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করতে পারে, তবে অস্ত্র তৈরির অনুমতি নেই।
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শর্ত বিনিময় প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বাঘাই বলেন, “ইরানের অবস্থান স্পষ্ট। আমাদের দাবিগুলো ন্যায্য।” তিনি আরও উল্লেখ করেন, ইরানের জব্দকৃত সম্পদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারকে যুক্তরাষ্ট্র তাদের শর্ত হিসেবে উপস্থাপন করলেও তেহরান এটিকে নিজেদের অধিকার হিসেবেই দেখে।
যুক্তরাষ্ট্রের প্রতি আস্থার অভাবের কথাও তুলে ধরে তিনি বলেন, “আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্র আর বিশ্বাসযোগ্য নয়।” পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোকে সাম্প্রতিক ঘটনাবলি থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে ইসমাইল বাঘাই বলেন, “এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের উপস্থিতি শান্তি প্রতিষ্ঠার বদলে অস্থিতিশীলতা আরও বাড়িয়েছে।”
সূত্র: বিবিসি।
