টানা দুই টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে প্রথম সিরিজ জয় এসেছিল হোয়াইটওয়াশ ব্যবধানে স্বয়ং পাকিস্তানের মাটিতে।
২০২৪ সালের সেই সিরিজ জয়ের পর চলতি ২০২৬ সালে বাংলাদেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে আবারো হোয়াইটওয়াশ ব্যবধানে সিরিজ জিতলো বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে ঘরে বাহিরে কোন প্রতিপক্ষকে টানা ২ বার হোয়াইটওয়াশ করার রেকর্ড গড়লো বাংলাদেশ। শুধু বাংলাদেশ কেন, অন্য দলগুলোও এমন দাপট দেখাতে পারে না ঘরের মাটিতে, বিশেষ করে নিজেদের চেয়ে এগিয়ে থাকা দলের বিপক্ষে।
আমি ব্যক্তিগত ভাবে বাংলাদেশের জয়ের পক্ষেই কথা বলেছি। যেহেতু আগাম মন্তব্য করেছি, সেহেতু নিজের উপরও চাপ ছিলো, পাকিস্তান একটু ভালো ব্যাটিং করলে আমাকে কয়েকজন জানাতো তারা ভালো করছে, বাংলাদেশ হেরে যেতে পারে। কিন্তু সবশেষ বাংলাদেশের জয় হয়েছে প্রত্যাশিত ভাবেই। ঘরের মাঠে পাকিস্তানের চেয়ে ঢের এগিয়ে বাংলাদেশ এবং এটিই হয়েছে শেষ পর্যন্ত।
পাকিস্তানকে ২ ম্যাচে হারানোর সিরিজের সিরিজ সেরা প্লেয়ার হয়েছেন মুশফিকুর রহিম। সিলেট টেস্টে সেরা ক্রিকেটার হয়েছেন লিটন দাস। ঢাকা টেস্টে সেরা ক্রিকেটার হয়েছেন নাজমুল হোসাইন শান্ত। অফিসিয়ালী ৩ জন সেরা ক্রিকেটার হলেও আরো অন্তত ৩ জনের নাম নিতে হবে, যাদের মধ্যে তাইজুল অন্যতম, তৎপর মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানা, মোমিনুল হক ও তাসকিনের নাম নিতে হবে। জয়ও ফিফটি করে অবদান রেখেছেন ২য় টেস্টে।
২ ম্যাচ টেস্ট সিরিজে ৮ ক্রিকেটারের অর্জন
৪ ব্যাটার-
নাজমুল শান্ত ২৩২ রান
মুশফিকুর রহিম ২৫৩ রান
লিটন দাস ২৩৯ রান।
মোমিনুল হক ১৯৯ রান।
৪ বোলার/অলরাউন্ডার
তাইজুল ১৩ উইকেট ও ৫৮ রান
নাহিদ রানা ১১ উইকেট
মেহেদী হাসান মিরাজ ৯ উইকেট ও ৫৭ রান
তাসকিন ৬ উইকেট ও ৫২ রান
টেস্ট ম্যাচ জিততে হলে একাধিক পারফর্মার প্রয়োজন হয়। সদ্য সমাপ্ত সিরিজে এই কাজটি করেছে বাংলাদেশের ক্রিকেটাররা। মুশফিক ২৫৩ রান করে সিরিজ সেরার যোগ্য ছিলেন যেমন, তেমনি তাইজুল ১৩ উইকেট শিকার করে যোগ্য ছিলেন। সিলেট টেস্টে লিটন অবশ্যই ম্যাচসেরা হওয়ার প্রথম দাবীদার, তেমনি তাইজুলও ৯ উইকেট শিকার করে ম্যাচসেরার মতো পারফর্ম করেছেন।
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার ফলে টেস্ট চ্যাম্পিয়নশীপে এই মুহুর্তে ৪ ম্যাচে ২ জয় ও ১ ড্রয়ে ৫৮.৩৩ পয়েন্ট নিয়ে ৫ম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। ভারত, ইংল্যান্ড, পাকিস্তান ও উইন্ডিজ এখন বাংলাদেশের পেছনে আছে।
সাবাশ বাংলাদেশ, সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকুন।
