কোরবানি ঈদের ঠিক আগে পশ্চিমবঙ্গে গরু জবাইয়ের ওপর আরোপিত বিধিনিষেধ বহাল রাখল কলকাতা হাইকোর্ট।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুজয় পল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের ১৩ মে তারিখের বিজ্ঞপ্তি স্থগিত করতে অস্বীকার করেন।
আদালত স্পষ্ট জানিয়ে দেন, ২০১৮ সালের আদালতের নির্দেশের ভিত্তিতেই এই বিজ্ঞপ্তি জারি হয়েছে এবং সেই রায় আইনগতভাবে চূড়ান্ত হয়ে যাওয়ায় এতে নতুন করে হস্তক্ষেপের সুযোগ নেই।
পাশাপাশি আদালত রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন যে বিজ্ঞপ্তিটি সংশোধন করে দুটি বিষয় স্পষ্টভাবে উল্লেখ করতে হবে — প্রথমত, খোলা পাবলিক স্থানে যেকোনো পশু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ; এবং দ্বিতীয়ত, গরু কোরবানি ইসলামের কোনো বাধ্যতামূলক ধর্মীয় বিধান নয়।
এ প্রসঙ্গে আদালত ভারতের সর্বোচ্চ আদালতের পূর্ববর্তী একটি ঐতিহাসিক রায়ের উল্লেখ করেন, যেখানে ‘মহম্মদ হানিফ কুরেশি বনাম বিহার রাজ্য’ মামলায় সুপ্রিম কোর্ট একইভাবে রায় দিয়েছিলেন।
আদালতে একাধিক আবেদন জমা পড়েছিল। তৃণমূল কংগ্রেস বিধায়ক আখরুজ্জামান তার আবেদনে যুক্তি দেন, ঈদের মৌসুমে ছাগল ও ভেড়ার দাম অস্বাভাবিক রকম বেড়ে যায়, ফলে অনেক সাধারণ পরিবারের পক্ষে ছোট পশু কোরবানি দেওয়া সম্ভব হয় না।
তিনি দাবি করেন, রাজ্য সরকার ধর্মীয় কোরবানির ক্ষেত্রে আইনি ছাড় দেওয়ার যে ক্ষমতা রাখে, তা প্রয়োগ করেনি। তবে আদালত সেই যুক্তি গ্রহণ করেননি এবং সব আবেদন খারিজ করে দেন।
সূত্র: দ্যা টাইমস অব ইন্ডিয়া
